২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক চায় উত্তর কোরিয়া

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jun 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

দু’বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিলের কয়েকদিনের মধ্যেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে এ প্রস্তাব দিল।

উত্তর ও দক্ষিণের মধ্যে নির্ধারিত উচ্চ-পর্যায়ের বৈঠক গত সপ্তাহে বাতিল হয়ে যায় উত্তর কোরিয়া হঠাৎ আলোচনা নাকচ করার কারণে।তবে আলোচনা বন্ধের জন্য দক্ষিণ কোরিয়াকেই দোষারোপ করে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “তারা কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিক আলোচনা চায়।”

বিবৃতিতে আরো বলা হয়, “যুক্তরাষ্ট্র আলোচনার দিন এবং স্থান নির্ধারণ করতে পারে এবং দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।তবে আলোচনায় কোনো পূর্বশর্ত জুড়ে দেয়া উচিত হবে না।”

যুক্তরাষ্ট্র সত্যিই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং উত্তেজনা প্রশমন চাইলে আলোচনার জন্য কোনো শর্ত দেয়া যাবে না বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার কর্মকর্তারা মাঝে মাঝেই আলোচনায় বসেন।তবে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ২০০৯ সাল থেকে বন্ধ আছে।

কিন্তু উচ্চ পর্যায়ের আলোচনায় বসার আগে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত হতে হবে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।