ইরাক জুড়ে গাড়িবোমা, গুলিবর্ষণে নিহত ৩০
প্রধানত শিয়া মুসলিমদের লক্ষ্য করে ইরাক জুড়ে চালানো গাড়িবোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ৩০ জন নিহত হয়েছে।
রোববার এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।
বাগদাদ থেকে ৪শ’ ২০ কিলোমিটার দক্ষিণপূর্বে শিয়া অধ্যুষিত বসরা নগরীতে আলাদা দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়, আহত হয় ১০ জন।
এছাড়া বাগাদাদের দক্ষিণের নাজাফ, নাসিরিয়া, কুট, হিল্লা, তুজ খুর্মাতো এবং মাহমুদিয়া শহরে শিয়াদের লক্ষ্য করে অপর গাড়িবোমা হামলাগুলো চালানো হয়।
ইরাকে উত্তরাঞ্চলীয় শহর মসুলের হাদহার এলাকায় একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা গুলি করে ছয় পুলিশ সদস্যকে হত্যা করে।
এসব হামলার দায় কোনো গোষ্ঠি স্বীকার করেনি। তবে এসব হামলার জন্য আল কায়েদার সঙ্গে সম্পর্কিত চরমপন্থী সুন্নি জঙ্গীগোষ্ঠিগুলো দায়ী বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবেও ইরাকের শিয়া-সুন্নি সম্পর্কের চরম অবনতি হচ্ছে। সিরিয়ায় ক্ষমতাসীন সংখ্যালঘু শিয়াদের বিরুদ্ধে দেশটির সংখ্যাগরিষ্ঠ সুন্নিরা লড়াই করছে।
শিয়াদের ওপর চালানো ক্রমবর্ধমান এসব হামলার কারনে দেশটিতে ২০০৬-৭ সালেও মতো ফের শিয়া-সুন্নি সাম্প্রদায়িক লড়াই শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত মে মাসে জঙ্গিদের গাড়িবোমা হামলা ও গুলিবর্ষণে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
