২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেজি পার্ক পরিকল্পনা স্থগিত করেছে তুরস্ক

তাকসিম স্কয়ারের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর ইস্তান্বুল শহরের গেজি পার্কের গাছ কেটে বিপণীবিতান বানানোর পরিকল্পনা স্থগিত করেছে তুরস্ক সরকার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jun 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত সরকার আর পার্ক উন্নয়ন প্রকল্প চালাবে না বলে সরকারের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।

আদালত সরকারের পরিকল্পনায় সমর্থন দিলে এ প্রকল্প চালানোর ব্যাপারে জনমত নেয়ার জন্য সরকার গণভোট আয়োজন করবে।

ইস্তান্বুল শহরের প্রাচীন ওই পার্কটি এক সময় সেনাদের ব্যারাক হিসেবে ব্যবহার হত।এ পার্ক ভেঙে বিপণীবিতান নির্মাণের সরকারি উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ দেখায় দেশটির জনগণ।

শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে তা দেশটিতে গত দশকের মধ্যে সবচেয়ে বড় সহিংসতায় রূপ নেয়।

প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বিক্ষোভকারীদেরকে ওই স্থান ত্যাগ করতে কয়েকবার জোরালো নির্দেশ দেয়ার পর বুধবার রাতে পুলিশ তাদেরকে হটিয়ে দেয়।

বৃহস্পতিবার রাতে এরদোয়ান আঙ্কারায় বিক্ষোভকারীদের মূল সংগঠন তাকসিম সলিডারিটি গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন।

বৈঠকে পার্কে স্থাপনা নির্মাণের বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারটি আদালত ও গণভোটের উপর ছেড়ে দেয়ার বিষয় মতৈক্য হয়।

একে বৃহস্পতিবার রাতের বৈঠকের ‘ইতিবাচক ফল’ বলে অভিহিত করছেন তাকসিম সলিডারিটির অন্যতম সদস্য তাইফান খারামান।

গেজি পার্কে ভবন নির্মাণ ঠেকাতে গত ৩১ মে থেকে শুরু হওয়া সহিংস বিক্ষোভে তুরস্কে এপর্যন্ত পাঁচজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে।