২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেনের যুক্তরাজ্য ভ্রমণ নিষিদ্ধ

গোপন গোয়েন্দা নজরদারি কর্মসূচির বিস্তারিত ফাঁস করার দায়ে সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের যুক্তরাজ্য ভ্রমণ নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

স্নোডেনকে যুক্তরাজ্যে যেতে না দেয়ার জন্য সরকার এয়ারলাইনগুলোকে সতর্ক করে দিয়েছে বলে জানানো হয়েছে এক প্রতিবেদনে।

থাই বিমানবন্দরে এক নোটিশে ২৯ বছর বয়সী স্নোডেনকে বিমানে চড়তে দিতে নিষেধ করা আছে বলে এক খবরে জানিয়েছে এপি বার্তা সংস্থা।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কবার্তায় স্নোডেনকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।তবে এ ব্যাপারে দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি।

স্বরাষ্ট্র দপ্তরের ‘রিস্ক এন্ড লিয়াজো ওভারসিজ নেটওয়ার্ক’ এ সতর্কতা জারি করেছে সোমবার।এ নোটিশে স্নোডেনের ছবি, জন্মতারিখ এবং পাসপোর্ট নাম্বার দেয়া আছে।

এতে বলা হয়, “এই ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণের চেষ্টা করলে বিমানে তাকে উঠতে দেয়া যাবে না”।ব্যাংকক, সিঙ্গাপুর, এবং মালয়েশিয়া এয়ারলাইনও এ নোটিশ পেয়েছে বলে জানিয়েছে।

বিবিসি’র হোম এফেয়ার্স সংবাদদাতা জুন কেলি বলেছেন, স্নোডেনের বিরুদ্ধে জারি করা নোটিশটি অদ্ভুত।কারণ, তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।

এনএসএ’র সাবেক ঠিকাদার ও সিআইএ’র সাবেক কারিগরি কর্মী স্নোডেন ব্রিটেনের দ্য গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের কাছে এনএসএ’র গোপন শীর্ষ কর্মসূচি ফাঁস করেছেন বলে গত সপ্তাহে স্বীকার করেন।

এনএসএ গোপন গোয়েন্দা কর্মসূচির আওতায় বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট কোম্পানি গুগুল ও ফেইবুকের মতো অন্যান্য নয়টি কোম্পানির ফোন ও অন্যান্য তথ্য রেকর্ড করছে বলে স্নোডেনের দেয়া তথ্যে বিশ্ব প্রথমবারের মতো জানতে পারে।

এনএসএ’র এই কাজ মানবাধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারের লঙ্ঘণ বলে যুক্তরাষ্ট্রে ও বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
স্নোডেনকে ধরতে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভিস্টিগেশনের (এফবিআই) পরিচালক রর্বার্ট মুলার জানিয়েছেন।