বুগতি হত্যা মামলায় গ্রেপ্তার মুশাররফ
পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে বেলুচিস্তানের স্বায়ত্ত্বশাসন আন্দোলনের নেতা আকবর বুগতি হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে।
এর পরপরই তাকে দু’সপ্তাহের রিমান্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত। ‘দ্য ডন’ খবরটি দিয়েছে।
রিমান্ডের সময়টিতেও মুশাররফ ইসলামাবাদের চাক শাহজাদে তার খামার বাড়িতে বন্দি থাকবেন। এ বাড়িটিকে আগেই সাব জেল হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০০৬ সালের ২৬ অগাস্ট এক সামরিক অভিযানে নিহত হন আকবর বুগতি। সে সময় জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানের সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট ছিলেন। তার নির্দেশেই ওই অভিযান চালানো হয়।
আকবর বুগতি বেলুচিস্তানের প্রাদেশিক স্বায়ত্ত্বশাসনের জন্য সশস্ত্র প্রচারাভিযান শুরু করেছিলেন।তার মৃত্যু দেশে প্রতিবাদ-বিক্ষোভ উস্কে দিয়েছিল।
