নজরদারিতে অনেক হামলা ঠেকানো গেছে: মার্কিন গোয়েন্দা প্রধান
টেলিফোন ও ইন্টারনেটে আড়িপেতে তথ্য সংগ্রহের গোপন নজরদারি কর্মসূচিতে সম্ভাব্য কয়েক ডজন হামলা প্রতিহত করা গেছে।বুধবার এমন দাবি করেছেন জাতীয় নিরাপত্তা সংস্থার(এনএসএ)প্রধান জেনারেল কেইথ অ্যালেক্সান্ডার।
গোপন এ কর্মসূচির কথা ফাঁস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে সতর্ক করে দেন তিনি।
‘প্রিজম’ নামে পরিচিত এনএসএ’র টেলিফোন ও ইন্টারনেটে আড়ি পাতার কর্মসূচি মার্কিন ও ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিতভাবে ফাঁস করে দেন মার্কিন নাগরিক এডওয়ার্ড স্নোডেন।
এরপর প্রথম কংগ্রেসে হাজির হয়েই অ্যালেক্সান্ডার এই কর্মসূচিকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অপরিহার্য হাতিয়ার’ অভিহিত করে এর পক্ষে সাফাই দিলেন।
মার্কিন সিনেট কমিটিতে এনএসএ পরিচালক বলেন, কয়েক ডজন সন্ত্রাসী পরিকল্পনা প্রতিহত করতে সহায়ক হয়েছে এ কর্মসূচি।দেশে-বিদেশে সন্ত্রাসী হামলা নস্যাৎ করতে এ কর্মসূচি সহায়ক।”
এ কর্মসূচির গোপনীয়তা ফাঁস করে দিয়ে ইতোমধ্যেই অনেক ক্ষতি করা হয়ে গেছে বলে মন্তব্য করেন অ্যালেক্সান্ডার।
এর ফলে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার সক্ষমতা যে আর থাকবে না তাতে কোনো সন্দেহ নেই।তাছাড়া, “এ কর্মসূচির বদৌলতে দু’সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো যে নিরাপত্তা বলয়ের মধ্যে ছিল তা আর তেমন নিরাপদ থাকবে না,” বলেন তিনি।
ওদিকে, ‘প্রিজমের’ ততপরতা ফাঁস করে দেয়া সম্পর্কে স্নোডেন বলছেন, মার্কিন জনগণকে নির্যাতন থেকে মুক্ত করার দায়িত্ব থেকেই এ কাজ করেছেন তিনি।
রয়টার্স/আইপিসোস জরিপের ফলে বুধবার দেখা গেছে, ৩১ শতাংশ মার্কিনিই গোপন কর্মসূচির কথা ফাঁস করার কারণে স্নোডেনকে দেশপ্রেমিক বলে মনে করে।অন্যদিকে, তাকে দেশদ্রোহী মনে করে ২৩ শতাংশের বেশি মানুষ।আর ৪৬ শতাংশ মানুষ এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি।
গত সপ্তাহে ‘প্রিজম’ কর্মসূচি ফাঁস হওয়ার পর প্রথম জানা যায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দৈনন্দিন ভিত্তিতে লাখ লাখ মানুষের টেলিফোনালাপ ও ইন্টারনেটে আড়ি পাতছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে প্রচণ্ড তোলপাড় সৃষ্টি হয়।এর পরিপ্রেক্ষিতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপারকে টেলিফোন ও ইন্টারনেটে আড়ি পাতার পক্ষে সাফাই গাইতে হয়।
