অনলাইনে গোয়েন্দাগিরি: ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
গুগল, ফেসবুক ও স্কাইপের মতো ইন্টারনেট কোম্পানিগুলোর সার্ভার থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য নেয়ার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।
এর মধ্য দিয়ে ভারতের প্রাইভেসি আইনের লংঘন করা হয়ে থাকলে তা মেনে নেয়া হবে না বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দীন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “যদি দেখা যায় যে, ভারতের সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত আইনের লংঘন হয়েছে তাহলে তা মেনে নেয়া হবে না।”
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র গত প্রায় ছয় বছর ধরে ইন্টারনেট ব্যবহারকারীদের ইমেইল ও সোস্যাল মিডিয়ায় কার্যক্রম এবং ইন্টারনেটে কথোপকথনের ওপর গোয়েন্দাগিরি করছে বলে গত সপ্তাহে সংবাদ প্রকাশ হয়।
