গ্রিসে মন্দার বলি হলো রাষ্ট্রীয় গণমাধ্যম
‘অপচয়ের স্বর্গ’, এই অভিযোগে গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম হেলেনিক ব্রডকাস্টিং করপোরেশনের (ইআরটি) সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার রাত থেকে ইআরটির সম্প্রচার বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রধান টেলিভিশন চ্যানেলে সর্বশেষ সংবাদ সম্প্রচারের পর সংবাদ উপস্থাপক অ্যান্তোনিস
আলাফোজিওর্জোস “এটা গণতন্ত্রের ওপর আঘাত” বলে সংবাদ শেষ করেন।
এরপরই টেলিভিশনের পর্দা কালো হয়ে যায়।
১৯৩৮ সালে ইআরটির যাত্রা শুরু হয়েছিলো। ইআরটির মাধ্যমে দেশে তিনটি টেলিভিশন চ্যানেল ও চারটি রেডিও স্টেশনে সম্প্রচার কাজ চলতো।
আবার শুরু চালু না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির আড়াই হাজার কর্মচারীর সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গ্রিস সরকারের মুখপাত্র সিমোস কেডিকোগল্যু বলেন, “ইআরটিরতে অবিশ্বাস্য রকম অপচয় হচ্ছিলো। প্রতিষ্ঠানটিতে যে পরিমাণ অস্বচ্ছতা ছিলো তা নজিরবিহীন। এসব এখন বন্ধ হলো।”
বরখাস্ত করা কর্মীদের ক্ষতিপূরণ দেয়া হবে এবং প্রতিষ্ঠানটি ছোট পরিসরে আবারো শুরু হলে তারা আবেদন করতে পারবে বলে জানান কেডিকোগল্যু।
ইআরটির বৈদেশিক বিভাগের প্রধান ওডিন লিনার্দাত্যু জানান, সরকারের এই সিদ্ধান্তে সাংবাদিক সমাজ বিস্মিত।
অ্যাথেন্সে ইআরটির প্রধান কার্যালয়ের সামনে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে কয়েক হাজার মানুষ। পরিস্থিতি মোকবিলায় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করছে কর্তৃপক্ষ।
অ্যাথেন্স সাংবাদিক ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে।
সরকার জনগণকে ‘ভয়’ দেখানোর চেষ্টা করছে মন্তব্য করে ইআরটির কর্মী ভায়িয়া ভালাভাকি বলেন, “আমি এখন একজন বেকার মা যার একটি ছোট শিশু আছে। দেশ আমাকে ঠিক কিভাবে রক্ষা করবে? কেন তারা আমাকে বেকার করে দিলো?”
বর্তমানে অর্থনৈতিক মন্দায় গ্রিস বিপর্যস্ত । বেকারত্বের হার প্রায় ২৭ শতাংশ।
২০০৯ সালে দেশটিতে ঋণসংকট দেখা দেয়ার পর আন্তর্জাতিক অর্থসহায়তা প্যাকেজের শর্ত মানতে গিয়ে কয়েক বছর ধরে দেশটি কঠোর ব্যয়সংকোচন নীতি অনুসরণ করছে।
এপ্রিলে ব্যয় সংকোচন সংক্রান্ত একটি বিল গ্রিসের সংসদে পাস হয়েছে। এই বিলের আলোকে আগামী বছরের শেষ নাগাদ গ্রিসের ১৫ হাজার সরকারি কর্মচারী তাদের চাকরি হারাবে।
