মাওবাদী হামলায় আহত কংগ্রেস নেতার মৃত্যু
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী হামলায় আহত জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রিয় মন্ত্রী বিদ্যা চরণ শুক্লা (ভি সি শুক্লা) হাসপাতালে মারা গেছেন। শরীরের বেশ কয়েকটি অঙ্গ বিকল হয়ে মারা যান তিনি।
মঙ্গলবার দিল্লির নিকটবর্তী হরিয়ানার গুরগাঁও হাসপাতালে দুপুর আড়াইটায় তিনি মারা যান, হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনডিটিভি।
ভি সি শুক্লা বিভিন্ন সময় ভারত সরকারের তথ্য, যোগাযোগ, সংসদ বিষয়ক, পানি সম্পদ ও পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তার বাবা পন্ডিত রবিশঙ্কর শুক্লা অবিভক্ত মধ্যপ্রদেশ রাজ্যের প্রথম মূখ্যমন্ত্রী ও শীর্ষ কংগ্রেস নেতা ছিলেন।
তার ভাই শ্যামা চরণ শুক্লাও মধ্যপ্রদেশের কংগ্রেস দলীয় মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।
গত ২৫ মে ছত্তিশগড়ের একটি সমাবেশ থেকে ফেরার পথে শীর্ষ কংগ্রেস নেতাদের বহনকারী গাড়ি বহরে মাওবাদীরা চোরাগোপ্তা হামলা চালায়। এ সময় শুক্লার শরীরে তিনটি গুলি লাগে। মারাত্মক আহত ৮৪ বছর বয়সী শুক্লাকে প্রথমে রাজ্যের জগদলপুর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় দিল্লি নিয়ে যাওয়া হয়।
আহত হওয়ার পর থেকে গত দুসপ্তাহ যাবৎ তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল।
