২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যান্ডেলা লড়ছেন, প্রার্থনা করুন’

কালো মানুষের অধিকার আদায়ের সংগ্রামের নায়ক নেলসন ম্যান্ডেলা মৃত্যুর সঙ্গেও লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তার আন্দোলনের সঙ্গী জ্যাকব জুমা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

এই লড়াইয়ে ম্যান্ডেলার জয়ের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জুমা।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ৯৪ বছর বয়সি ম্যান্ডেলা ফুসফুসে সংক্রমণ নিয়ে গত চার দিন ধরে প্রিটোরিয়ার হাসপাতালে রয়েছেন।

জ্যাকব জুমা মঙ্গলবার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে এক ভাষণে বলেন, তাদের নেতার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা এখনো কাটেনি। তবে অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ ম্যান্ডেলার অবস্থার অবনতি হয়নি।

“চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। আর তিনি একজন লড়াকু মানুষ এবং এক্ষেত্রেও তার ছাপ রাখছেন।”

রোবেন আইল্যান্ডে ম্যান্ডেলার ২৭ বছরের কারাজীবনে ১০ বছর সঙ্গী ছিলেন জুমা।

ম্যান্ডেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। সোমবার তাকে দেখে এসেছেন সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা।

মেডিক্লিনিক হার্ট হাসপাতালে চিকিৎসাধীন এখন আফ্রিকার কালো মানুষের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলা। ওই হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার।

হাসপাতাল ঘিরে রেখেছে পুলিশ। সংলগ্ন সড়ক দিয়ে চলাচলরত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।