২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের জন্য দুইসন্তান নীতিতে অটল মিয়ানমার

বিরোধীদলীয় নেত্রী অঙ সান সু চি ও জাতিসংঘের সমালোচনা সত্বেও মুসলিম রোহিঙ্গাদের জন্য বিতর্কিত দুইসন্তান নীতির প্রতি সমথর্ন জানিয়েছেন মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রী খিন আই।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Jun 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

সম্প্রতি রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নীতিটির প্রতি সমর্থন জানান।

রোহিঙ্গাদের ওপর দুইসন্তান নীতি চাপিয়ে দেওয়াকে বৈষম্যমূলক ও মানবাধিকারের লঙ্ঘণ বলে অভিহিত করেছেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী সু চি ও জাতিসংঘ।

কিন্তু এসব সমালোচনা আমলে না নিয়ে আইনটিতে রোহিঙ্গা নারীরা “উপকৃত” হবেন বলে দাবী করেন খিন।

মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে খিনই প্রথম প্রকাশ্যে রাখাইন রাজ্য কর্তৃপক্ষের ঘোষিত এ আইনটির প্রতি সমর্থন জানালেন।

সাক্ষাৎকারে খিন রোহিঙ্গাদের “বাঙ্গালি” বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “এতে বাঙ্গালি নারীরা উপকৃত হবে।”

তিনি আরো বলেন, “রাখাইন রাজ্যে বসবাসকারী বাঙ্গালি নারীদের সন্তান সংখ্যা অনেক। কিছু কিছু এলাকায়, একটি পরিবারের ১০ থেকে ১২টি সন্তান। এটি শিশুদের পুষ্টির জন্য ভাল না। তাদের জন্য স্কুলের ব্যবস্থা করাও সহজ হয় না। শিশুদের দেখভাল করাও বেশ কঠিন হয়ে যায়।”

এই নীতি তিনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ”।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা ও মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে বিশ্বব্যাপী দেখা দেওয়া উদ্বেগের মধ্যেই মিয়ানমারের প্রভাবশালী জ্যেষ্ঠ নেতা খিন এসব মন্তব্য করলেন।

গত বছর থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত মুসলামানদের সঙ্গে বৌদ্ধদের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েকশত মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই মুসলিম। এছাড়া ওই সময়ে ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়, এদেরও অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী।

দ্রুত বর্ধনশীল রোহিঙ্গা জনগোষ্ঠির সংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যেই রাখাইন রাজ্য কর্তৃপক্ষ এমন বৈষম্যমূলক প্রায় বর্ণবাদী নীতি গ্রহণ করেছে বলে পর্যবেক্ষকদের ধারণা।