২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া খানের আত্মহত্যা, সুরাজ পাঞ্চোলিকে আটক করেছে পুলিশ

বলিউড তারকা জিয়া খানের আত্মহত্যার ঘটনায় তার প্রেমিক সুরাজ পাঞ্চোলিকে আটক করেছে মুম্বাই পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:12 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

সোমবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।


অভিনেতা আদিত্য পাঞ্চোলি ও জরিনা ওয়াহাবের ছেলে সুরাজের সঙ্গে গত এক বছর ধরে জিয়ার প্রেম ছিল বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়।


গত ৩ জুন ২৫ বছরের এই অভিনেত্রী মুম্বাইয়ের বাসভবনে গলায় ফাঁস নেয়ার আগে সর্বশেষ ব্যক্তি হিসাবে সুরাজের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার মৃত্যুর পরদিন সুরাজ ও তার বাবা আদিত্যকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।


এনডিটিভির খবরে বলা হয়, জিয়া আত্মহত্যার আগে কোনো চিরকুট রেখে না গেলেও তার লেখা ছয় পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করে পুলিশকে দিয়েছে এই অভিনেত্রীর পরিবার।


ওই চিঠিতে কারো নাম উল্লেখ করা না হলেও সাবেক বা বর্তমান প্রেমিকের উদ্দেশে তা লেখা হয়।


চিঠিতে জিয়া বলেন, “তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমাদের সম্পর্ককে গুরুত্ব দাওনি। যখন তুমি এই চিঠিটি পড়বে তখন হয়তো আমি এই পৃথিবীতে আর থাকবো না।’


এ বিষয়ে জিয়ার মা রাবিয়া আমিন খান সাংবাদিকদের বলেন, “চিঠিতে কারো নাম উল্লেখ নেই।

তাই কার কাছে এটা লেখা হয়েছে সেটা একমাত্র জিয়ারই জানা। তবে আগের সব ঘটনা এবং সে আমাকে যা বলেছিল তার ভিত্তিতে বলা যায়, এগুলো সব কিছু সুরাজ পাঞ্চোলির উদ্দেশে লেখা।”
সুরাজের সঙ্গে সম্পর্ক শেষ করার জন্য মেয়েকে বলেছিলেন বলেও জানান রাবিয়া।