যুক্তরাষ্ট্রে বেলুন বিধ্বস্ত হয়ে আহত ১০
যুক্তরাষ্ট্রের কলরাডো রাজ্যে পর্যটকবাহী চারটি বেলুন বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন আহত হয়েছে । ঝড়ো হাওয়ার কবলে পড়ে বেলুনগুলো বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার কলরাডোর ডেনভার শহরের উত্তরপশ্চিম এলাকায় বেলুন বিধ্বস্ত হওয়ার এ ঘটনাগুলো ঘটে।
গরম বাতাসে উড়েচলা এসব বেলুন আলাদা আলাদভাবে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তদের অবস্থা খুব গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাকি পর্বতমালা এলাকার অগ্নিনির্বাপণ দপ্তরের মুখপাত্র ডানা লুয়িস জানিয়েছেন, যে এলাকায় দুর্ঘটনাগুলো ঘটেছে বিস্তৃত সেই প্রান্তরটি বেলুনে চড়ে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ জিম কালিনা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই এলাকায় ২০ থেকে ৩০ মাইল বেগে হাওয়া বইছিল যা মাঝে মাঝে ৩৫ মাইল পর্যন্ত উঠে যাচ্ছিল।
একইদিন ডেনভার থেকে ২৩০ মাইল দক্ষিণপশ্চিমে প্রত্যন্ত একটি এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও দুজন আহত হয়।
