লিবিয়ার বেনগাজিতে সংঘর্ষে নিহত ৩১
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে বিক্ষোভকারী ও বেসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আরো ৭০ থেকে ৮০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেসামরিক বাহিনীগুলোকে ভেঙে দেওয়ার দাবিতে শনিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের শেষ পর্যায়ে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বৈধতা পাওয়া একটি বেসামরিক বাহিনীও জড়িয়ে পড়ে।
লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মাম গাদ্দিফির বিরুদ্ধে বিদ্রোহের সময় এসব বেসামরিক বাহিনীগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু গাদ্দাফির পতন ও নিহত হওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও সশস্ত্র এসব বাহিনী ভেঙে দেওয়া হয়নি বা সম্ভব হয়নি।
বেনগাজির স্থানীয়রা জানিয়েছেন, বেসামরিক বাহিনীগুলো ভেঙে দেওয়ার দাবি নিয়ে বহু বিক্ষোভকারী ‘লিবিয়া শিল্ড বিগ্রেড’ বেসামরিক বাহিনীর সদর দপ্তরের সামনে সমবেত হয়।
সমবেতদের কারো কারো কাছে একে-৪৭ রাইফেল ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গাদ্দাফিকে ক্ষমতা থেকে হটাতে বিশেষ ভূমিকা রাখা লিবিয়া শিল্ড বিগ্রেড সরকারের আহ্বান সত্ত্বেওঅস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তাদের দাবি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়েই তারা কার্যক্রম পরিচালনা করছে।
বিক্ষোভকারীরা শিল্ড বিগ্রেডের দপ্তরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করার এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। কারো কারো মতে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপের জবাবে দপ্তর থেকে পাল্টা গুলিবর্ষণ করলে লড়াই শুরু হয়ে যায়।
কয়েক ঘন্টা লড়াইয়ের পর শিল্ড বিগ্রেড দপ্তরের নিয়ন্ত্রণ নিতে ও পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়।
সেনাবাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণের সময় পাঁচজন নিহত হন বলে এক সেনাসূত্র জানিয়েছে।
বেনগাজির আল জালাল হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, তিনি নিহত ৩১ জনের লাশ দেখেছেন। এছাড়া আহত আরো ৭০ থেকে ৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
প্রায় একমাস আগে লিবিয়ার জাতীয় পরিষদের ওপর নিজেদের দাবি চাপিয়ে দেওয়ার মানসে বেসামরিক বাহিনীগুলো ত্রিপোলিতে কয়েকটি মন্ত্রণালয় অবরোধ করে রেখেছিল। বিমান বিধ্বংসী কামান ও অন্যান্য অস্ত্র সমৃদ্ধ এসব বাহিনীর মোকাবিলায় সরকারও অসহায়।
এসব ঘটনার ফলশ্রুতিতে এই বাহিনীগুলোর বিরুদ্ধে লিবিয়ার সাধারণ মানুষ ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠছে।
