ইউরোপীয় ইউনিয়ন ভণ্ড: এরদোয়ান
সরকারবিরোধী বিক্ষোভ দমনে পুলিশি অভিযানের সমালোচনা করায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে ভণ্ড বলে অ্যাখ্যায়িত করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোয়ান।
শনিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদন বলা হয়, আগের দিন ইস্তানবুলে ইইউ-তুরস্ক সম্মেলনে বক্তব্যে এরদোয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের পুলিশি অভিযানের সমালোচনা করে ভণ্ডামি ও দ্বৈতনীতির পরিচয় দিয়েছে।
বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ যে ধরনের ব্যবস্থা নিয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নেয়া পদক্ষেপের তেমন কোনো তফাৎ নেই।
তিনি বলেন, গণতন্ত্র চর্চার দিক থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের চেয়ে তুরস্ক এগিয়ে রয়েছে।
সম্প্রতি ইস্তানবুলের তাকসিম স্কয়ার সংলগ্ন গেজি পার্ক, যেখানে অটোম্যান আমলের একটি সামরিক ব্যারাক রয়েছে তা ভেঙে বিপণীবিতান নির্মাণের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় স্থানীয়রা। কিন্তু প্রতিবাদকারীদের ওপর পুলিশ শক্তি প্রয়োগ করলে শুরু হয় সরকার পতনের আন্দোলন, ইস্তানবুল ছাড়িয়ে যা ছড়িয়ে পড়ে রাজধানী আঙ্কারাসহ দেশের বিভিন্ন শহরে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন নিহত হয়।
বিক্ষোভ দমনে পুলিশের শক্তি প্রয়োগের ঘটনায় উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার জবাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিয়ে এ মন্তব্য করলেন তুরস্কের প্রধানমন্ত্রী।
বিক্ষোভকারীদের সমালোচনা করে এরদোয়ান বলেন, “যারা স্বাধীনতা ও গণতন্ত্র চান তাদেরও গণতান্ত্রিক আচরণ করা উচিত।”
এদিনও গেজি পার্ক পরিকল্পনা বাস্তবায়নে অনড় অবস্থান ব্যক্ত করেন তিনি।
