নেলসন মান্ডেলা ফের হাসপাতালে
ফুসফুসের সমস্যা আবার দেখা দেওয়ায় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন মান্ডেলাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে এ খবর জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভূগছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
“গুরুতর” হলেও তার শারীরিক অবস্থা “অপরিবর্তিত” আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
৯৪ বছর বয়সী মান্ডেলা গত কিছুদিন ধরে একের পর এক শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে ফুসফুসে সংক্রমণই তাকে সবচেয়ে বেশি ভূগিয়েছে।
এপ্রিলে নিউমেনিয়ায় ভুগে দশ দিন তিনি হাসপাতালে ছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট।
