২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুক হাতে ফের উন্মত্ততা যুক্তরাষ্ট্রে, নিহত ৪

যুক্তরাষ্ট্রে চারজনকে খুনের পর উন্মত্ত এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jun 2013, 06:06 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

ক্যালিফোর্নিয়া রাজ্যের সান্তা মনিকা শহরে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। একই ধরনের ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে যুক্তরাষ্ট্রে।

শহরের পুলিশ কর্মকর্তা রিচার্ড লুইস জানিয়েছেন, বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে আনুমানিক ২০ বছর বয়সি এক যুবক একটি বাড়িতে দুজনকে খুনের পর স্থানীয় কলেজে ঢুকে হত্যা করে আরো দুজনকে।

বাড়িতে নিহত দুজন ওই যুবকের বাবা ও ভাই বলে জানিয়েছে লস এঞ্জেলস টাইমস।

রাইফেলধারী ওই যুবককে পরে স্থানীয় কলেজের গ্রন্থাগারে মৃত অবস্থায় পাওয়া যায়।

সান্তা মনিকায় এই ঘটনা ঘটার সময় কাছের শহরেই তহবিল সংগ্রহের অভিযানে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

হত্যাকাণ্ডে ওই যুবককে প্ররোচিত করার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ, যার পোশাকে লেখা রয়েছে ‘জীবন এক জুয়া’।

গুলিতে আহত আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজনের অস্ত্রোপচার এবং আরো তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিজের বাড়ির বারান্দা থেকে হত্যাকাণ্ডের দৃশ্য প্রত্যক্ষকারী জেরি রেথনার নামে এক নারী বলেন, বাড়িতে দুজনকে হত্যার পর ওই যুবক রাস্তা ধরে হেঁটে এক নারী গাড়িচালকের দিকে বন্দুকতাক করে তার গাড়ি থামায় এবং তাতে ওঠে পড়ে।

পথে চলন্ত এক গাড়িচালককে গতি কমানোর নির্দেশ দেন ওই যুবক এবং ওই গাড়ি লক্ষ্য করে কয়েকবার গুলি চালান।

রাথনার আরো জানান, তিনি তখন এগিয়ে গেলে বন্দুকধারী তাকে লক্ষ্য করেও গুলি চালায়।

এর পর ওই যুবক সান্তামনিকার একটি কলেজের দিকে গিয়ে চলমান যানবাহনগুলো লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করেন। সেখান থেকে সরাসরি তিনি কলেজ ক্যাম্পাসে ঢুকে এক নারীকে হত্যা করেন এবং গ্রন্থাগারের দিকে যান। যেখানে পরীক্ষার পড়াশোনায় ব্যস্ত ছিলেন শিক্ষার্থীরা।

কলেজের প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, “আমরা দেখলাম এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন।” 

শহরের পুলিশ প্রধান জ্যাকুলিন সিব্রুকস বলেন, গ্রন্থাগারে ঢুকে ওই যুবক গুলি চালালেও তাতে কেউ হতাহত হয়নি। এরই মধ্যে পুলিশ এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“হামলাকারী একা ছিলো না কি সঙ্গে আর কেউ ছিলো, তা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই,” বলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কানেটিকাট রাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায় এক বন্দুকধারী যুবক। ওই হামলায় স্কুলের ২০ জন শিক্ষার্থীসহ ২৬ জন নিহত হন।