যুক্তরাষ্ট্রের আড়িপাতার খবরে তুমুল বিতর্ক
ইন্টারনেট ও মোবাইল ফোন প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্র সরকারের গোপনে তথ্য নেয়ার খবরে নাগরিকদের গোপনীয়তা এবং ব্যক্তিগত নিরাপত্তার অধিকার ক্ষুন্ন হচ্ছে বলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) গুগল, ফেসবুক, ইউটিউব, মাইক্রোসফট, অ্যাপলসহ ৯ টি ইন্টারনেট জায়ান্ট ও প্রতিষ্ঠানের সার্ভারে সরাসরি প্রবেশ করে গোপনে তথ্য সংগ্রহ করেছে বলে বৃহস্পতিবার স্বীকারোক্তি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ২০০৭ সালে গোপনে আড়ি পাতার এ কর্মসূচি চালু করেছিল তৎকালীন বুশ প্রশাসন।যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপনে আড়ি পাতার এ কর্মসূচির কোড নাম ‘প্রিজম’।
ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে গত কয়েক বছর ধরে গোপন এ কর্মসূচি আরো নিবিড়ভাবে পরিচালিত হচ্ছে।টুইন টাওয়ারে হামলার পর মানুষ এ কর্মসূচির ব্যাপারে যতটুকু জানত তার চেয়েও বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হচ্ছে ওবামার আমলে।
যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিজনকে গোপনে আদালতের একটি আদেশের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রের ভিতরের ও বাইরের সব ফোন কল ও যাবতীয় দৈনন্দিন তথ্য মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ’র কাছে জমা দিতে বলা হয়েছে বলেও জানায় পোস্ট।
জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের প্রাইভেসিতে কতটা হস্তক্ষেপ করতে পারে তা নিয়ে নতুন করে প্রশ্নের উদ্রেক হয়েছে পোস্টের এ খবরে।যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপনে টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার ঘটনা কতটা বিস্তৃত তা এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।
