সিরিয়ার কুসাইর পুনর্দখল করেছে সেনাবাহিনী
সিরিয়ার কৌশলগত কুসাইর শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এবং বিদ্রোহীরা বুধবার এ খবর জানিয়েছে।
বিদ্রোহীরা কুসাইরে পরাজয়ের কথা স্বীকার করেছে।তারা শহর থেকে পিছু হটে গেছে বলে জানিয়েছে।
অবস্থানগত দিক থেকে এবং আন্তসীমান্ত সরবরাহ পথ হওয়ার কারণে কৌশলগত দিক দিয়ে শহরটির বিশেষ গুরুত্ব রয়েছে।সে কারণে দু’পক্ষই কুসাইরের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল লড়াই করেছে।
দু’সপ্তাহের লড়াইয়ের পর শহরটি পুনরায় নিয়ন্ত্রণে নিল সরকার।লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শহরটি দখলে মূল ভূমিকা পালন করেছে।
রাতভর লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দ্রুতই শহরটির নিয়ন্ত্রণ নেয় এবং কিছু যোদ্ধাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়।ভোরের দিকে অতর্কিতে হামলা চালিয়ে হিজবুল্লাহরা শহরটিতে ঢুকে পড়ে।
লড়াইয়ে বহুসংখ্যক বিদ্রোহী হতাহত হয়েছে এবং আরো অনেক বিদ্রোহী আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।
শহরটি এক বছরেরও বেশি সময় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।দু’সপ্তাহ অাগে সিরিয়ার সরকারি বাহিনী কুসাইরে অভিযান শুরু করে।পরে তাতে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা যোগ দেয়। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ প্রকাশ্যে লড়াই ঘোষণা করেন।
বুধবার সিরিয়ার সানা রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, “বীরোচিত শসস্ত্র বাহিনী শহরটিতে নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে।”
