শিগগিরই সরকার গঠন করতে চান ফিলিস্তিনের প্রধানমন্ত্রী
চলতি সপ্তাহেই ফিলিস্তিনের পশ্চিম তীর ভিত্তিক সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। তবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ভিত্তিক হামাস সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করতেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।
মঙ্গলবার নিজ এলাকা অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
“আমি একতার পক্ষে, বিভক্তি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অপরাধ, এর অবসান হওয়া দরকার। আমাদের বিরোধ করার কিছু নেই। একতার মধ্যদিয়েই ইসরায়েলি দখলদারিত্ব শেষ করা সম্ভব,” বলেন হামদাল্লাহ।
ভাষাবিজ্ঞানের অধ্যাপক হামদাল্লাহ রাজনৈতিকভাবে স্বতন্ত্র বিশ্বাসের। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন। তিনি পদত্যাগকারী প্রধানমন্ত্রী সালাম ফায়েদের স্থলাভিষিক্ত হবেন।
ফায়েদ গত এপ্রিলে পদত্যাগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বরত ছিলেন।
হামদাল্লাহ বলেন, “শলাপরামর্শ শুরু হয়েছে এবং আশা করা যায় বৃহস্পতিবারের মধ্যে সরকার গঠনের ঘোষণা দেওয়া যাবে।”
ফিলিস্তিনের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে সরকার গঠনের বাধ্যবাধকতা আছে।
ফায়েদ মন্ত্রিসভার অধিকাংশ সদস্য নতুন মন্ত্রিসভায় থাকবেন বলে জানিয়েছেন হামদাল্লাহ। এর কারণ হিসেবে তিনি বলেছেন, হামাসের সঙ্গে জোট সরকার গঠিত না হওয়া পর্যন্ত নতুন মন্ত্রিসভা অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।
