সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার আলামত আছে: জাতিসংঘ
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার আলামত আছে এবং সরকার ও বিদ্রোহী দু’পক্ষই এ ধরনের অস্ত্র ব্যবহার করেছে- এমনটি বিশ্বাস করার ‘যৌক্তিক ভিত্তি’ আছে বলে জানানো হয়েছে জাতিসংঘের তদন্ত কমিশনের এক নতুন প্রতিবেদনে।
মার্চ এবং এপ্রিল মাসে ৪ টি হামলার ঘটনায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে।এর যৌক্তিক ভিত্তিও খুঁজে পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে।তবে কি ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে সে সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারেনি কমিশন।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞদেরকে ঢুকতে দেয়ার জন্য দামেস্ককে আহ্বান জানিয়েছে কমিশন।
প্রতিবেদনে তদন্তকারীরা বলেছেন, তারা সিরিয়া সরকার এবং বিদ্রোহী বাহিনীর নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ পেয়েছেন।তবে বেশির ভাগ সাক্ষই পাওয়া গেছে রাষ্ট্রীয় বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে।
তাছাড়া, সীমিত আকারে বিষাক্ত রাসায়নিক অস্ত্র হামলা হয়েছে এমন বিশ্বাস করারও যৌক্তিক কারণ আছে বলে জানান তদন্তকারীরা।
তবে প্রাপ্ত তথ্যপ্রমাণ থেকে কি ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে, কারা তা ব্যবহার করেছে এবং কে সরবরাহ করেছে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতিসংঘ তদন্ত কমিশনের চেয়ারম্যান পাওলো পিনহেইরো।
কয়েকটি এলাকা থেকে পালিয়ে যাওয়া শরণার্থীসহ হামলার শিকার হওয়া ব্যক্তি এবং চিকিৎসাকর্র্মীদের সাক্ষাৎকারের ভিত্তিতে রাসায়নিক অস্ত্র হামলার আলামত পাওয়া গেছে বলে জানান তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বিদ্রোহী পক্ষ একে অপরের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ করে আসছে।
এ অভিযোগ খতিয়ে দেখতেই জাতিসংঘের ২০ জনেরও বেশি সদস্যের তদন্তকারী দল ১৫ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত প্রতিবেশী দেশগুলোর শরণার্থী এবং সিরিয়ায় অবস্থানরত মানুষদের মধ্যে ৪৩০ জনের সাক্ষাৎকার নিয়েছেন।
এ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হয়েছে এবং ইউটিউবে ভিডিও’ও পর্যবেক্ষণ করা হয়েছে।কিন্তু প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তদন্তকারীরা।
