২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দক্ষিণ আফ্রিকায় গাদ্দাফির শতকোটি ডলারের সম্পদ’

দক্ষিণ আফ্রিকায় লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ও তার পরিবারের ১ শ’ কোটি ডলারের সম্পদ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করছে দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 08:13 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

লিবীয় সরকার দক্ষিণ আফ্রিকার প্রতি পাচার হওয়া ডায়মন্ড, সোনা ও নগদ অর্থ ফেরত পাঠাতে সহায়তার আহ্বান জানিয়েছে।

লিবিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, গাদ্দাফির পাচার করা এই সম্পদ দক্ষিণ আফ্রিকার চারটি ব্যাংক এবং সিকিউরিটি কোম্পানিতে গচ্ছিত আছে।

কোনো কোনো হিসাবে ধারণা করা হয়, বিদেশে থাকা গাদ্দাফির মোট সম্পদের আর্থিক মূল্য ৮ হাজার কোটি ডলার।

২০১১ সালের অক্টোবরে গাদ্দাফি তার জন্মশহর সির্তে থেকে পালানোর সময় লিবিয়ার বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং নিহত হন।

গাদ্দাফি এবং তার পরিবারের যেকোনো সম্পদ অনেক লিবীয় নাগরিক রাষ্ট্রীয় সম্পদ বিবেচনা করে এবং তা ফেরত আনা উচিৎ বলে মনে করেন।

দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী প্রাভিন গর্দানের মুখপাত্র বলেছেন, ‘লিবীয় সরকারেরি একটি প্রতিনিধি দল দাবি করেছে, দক্ষিণ আফ্রিকার আর্থিক প্রতিষ্ঠানে থাকা কিছু সম্পদ তাদের বলে দাবি করেছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

লিবিয়া দূতাবাসের কর্মকর্তা সালেহ মারঘানি জানান, ‘আফ্রিকায় থাকা লিবিয়ার সম্পদের ব্যাপারে তদন্ত ও তার নিরাপত্তার জন্য লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।’

জানা গেছে, গচ্ছিত সম্পদের অবস্থান সনাক্ত এবং তা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনার জন্য সম্প্রতি লিবীয় তদন্তকারীরা গর্দান ও প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে সাক্ষাৎ করেছেন।