আফগানিস্তানে নেটো সেনাসহ নিহত ৪
আফগানিস্তানে শনিবার পৃথক তিনটি ঘটনায় এক বেসামরিক ব্যক্তিসহ তিন নেটো সেনা নিহত হয়েছেন । নিহত বেসামরিক ব্যক্তি আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে কাজ করতেন।
নেটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স (আইএসএএফ) এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ঘটনায় এক সেনা ও এক বেসামরিক ব্যক্তি এবং একই এলাকায় পৃথক আর একটি ঘটনায় অপর এক সেনা নিহত হয়েছেন।
দক্ষিণ আফগানিস্তানের প্রধান শহর কান্দাহারে আরেক সেনা নিহত হয়েছেন বলে নেটো কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতদের মধ্যে এক সেনা ও বেসামরিক ব্যক্তি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ও অপর দুই সেনা ঘরে তৈরি বোমা বিস্ফোরণে নিহত হন।
আইএসএএফ নিহতদের জাতীয়তা প্রকাশ করেনি। তবে আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মোতায়েন বিদেশী সেনার অধিকাংশই যুক্তরাষ্ট্রের।
আফগানিস্তানের বিদ্রোহী দমন অভিযানের বেশিরভাগ দায়িত্ব আফগান বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। তা সত্বেও জোট বাহিনীর সেনারা কতোটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন, এসব হামলা তারই নজির বলে বিশ্লেষকদের অভিমত।
