২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির জনসংখ্যা `ধারণার’ চেয়ে কম

জার্মানির জনসংখ্যা নিয়ে যে ধারণা করা হতো দেশটির জনসংখ্যা তার চেয়ে ১৫ লাখ কম বলে সম্প্রতি এক আদমশুমারিতে পাওয়া গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

শুমারির তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বেশি জনসংখ্যার এ দেশের প্রকৃত জনসংখ্যা আট কোটি ২০ লাখ বলে জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে।

১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হওয়ার পর ২০১১ সালের মে মাসে প্রথম এই আদমশুমারি হয়।

এর আগে ১৯৮৭ সালে পশ্চিম জার্মানিতে এবং ১৯৮১ সালে কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানিতে আদমশুমারি হয়েছিল।

নতুন পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে বিদেশি পাসপোর্টধারীর সংখ্যা যা পাওয়া গেছে তার চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হতো।

আদমশুমারিতে দেখা গেছে, জার্মানিতে অভিবাসীর সংখ্যা ৬২ লাখ যা মোট জনসংখ্যার ৭ দশমিক ৭ শতাংশ।

তবে দেশটিতে নন-জার্মান অধিবাসীর সংখ্যা বর্তমানে এক কোটি ৫০ লাখের মত যা মোট জনসংখ্যার ১৯ শতাংশ।

হামবুর্গে সবচেয়ে বেশি সংখ্যক নন-জার্মানির বাস। সেখানে ২৭ দশমিক ৫ শতাংশ, আর রাজধানী বার্লিনে ২৩ দশমিক ৯ শতাংশ নন-জার্মান রয়েছে। তবে পূর্ব জার্মানিতে এই সংখ্যা ৫ শতাংশেরও কম।
আদমশুমারিতে দেখা গেছে, দেশটির ৬৬ দশমিক ৮ শতাংশ মানুষ নিজেদের খ্রিস্টান এবং ১০ দশমিক ৫ শতাংশ নাস্তিক বলে নিজেদের পরিচয় দেয়।

পূর্ব জার্মানিতে ৩৩ শতাংশ নাগরিক নিজেদের নাস্তিক বলে পরিচয় দিলেও পশ্চিম জার্মানিতে মাত্র ৬ শতাংশ এই পরিচয় দেয়।

পুরো জার্মানিতে ইসলাম ধর্মের অনুসারী পাওয়া গেছে মাত্র এক দশমিক ৯ শতাংশ। তবে অনেক মুসলিম তাদের পরিচয় প্রকাশ করেনি বলে মনে করছেন জরিপ পরিচালনাকারীরা।