সিরিয়া পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে: আসাদ
সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনী বড় ধরনের কয়েকটি জয় পেয়ে লড়াইয়ে ‘শক্তির ভারসাম্য’ ধরে রেখেছে।পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।
লেবাননের হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল মানার টিভিতে এক সাক্ষাৎকারে একথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
বৃহস্পতিবার এ সাক্ষাৎকার প্রচার হওয়ার কথা রয়েছে।লেবাননের সিরিয়াপন্থি আল আকবর পত্রিকা আসাদের উদ্ধৃতি তুলে ধরে এ সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি।
এতে আসাদ বলেছেন, “সিরিয়ার সেনাবাহিনী মাঠ পর্যায়ে শসস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কয়েকটি স্থানে বড় ধরনের জয় পেয়েছে।পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে।”
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ-মুয়াল্লেমও বুধবার একই ধরনের মন্তব্য করে বলেছেন, “বল এখন আবার আমাদের সশস্ত্র বাহিনীরি হাতে”।
আল-মানারের সঙ্গে সাক্ষাৎকারে আসাদ সিরিয়ার সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সহযোগিতা কিংবা দুপক্ষ একই ‘অক্ষচক্রে’ থাকার বিষয়টি স্বীকার করেছেন।
“লেবানন-সিরিয়া সীমান্তে মোতায়েন রয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা।তবে অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।‘সন্ত্রাসী গ্রুপগুলো’ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে”, বলেন তিনি।
একইসঙ্গে রাশিয়া থেকে সিরিয়ার এস-৩০০ অত্যাধুনিক বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পাওয়ার কথাও জানান আসাদ।
তাছাড়া, সিরিয়ার বিদ্রোহীদেরকে তুরস্ক, কাতার, সৌদি আরব থেকে দেয়া সমর্থনেরও নিন্দা জানান তিনি।
