২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের চালান পেয়েছে সিরিয়া: আসাদ

রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের প্রথম চালান গ্রহণ করেছে সিরিয়ার সরকার। শিগগিরই দ্বিতীয় দফায় এস-৩০০ ক্ষেপণাস্ত্রের চালানও পৌঁছে যাবে বলে জানা গেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 May 2013, 09:14 AM

Updated : 25 Apr 2022, 06:48 PM

সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের বরাত দিয়ে লেবাননের সংবাদপত্র আল আকবার বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাসার বলেন, “রাশিয়া থেকে পাঠানো বিমান বিধ্বংসী এস-৩০০ রকেটের প্রথম চালান সিরিয়া গ্রহণ করেছে। বাকি চালানও দ্রুতই পৌঁছে যাবে।”

আসাদের মিত্র বলে পরিচিত লেবাননের শিয়া সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মানারে দেয়া সাক্ষাৎকারটি শুক্রবার সম্প্রচার করার কথা রয়েছে।

পশ্চিমা বিশ্বের বিরোধিতার মুখেই রাশিয়া সিরীয় সরকারকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহের ঘোষণা দেয়। রাশিয়ার বক্তব্য, তাদের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারসাম্য রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রসহ ফ্রান্স এবং ইসরায়েল রাশিয়ার প্রতি অস্ত্রের এই চালান বন্ধের আহ্বান জানিয়েছিল।

চলতি সপ্তার প্রথম দিকে সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করার আশঙ্কা থেকে আসাদ সরকারকে রক্ষায় রাশিয়া বেপরোয়া হয়ে উঠেছে।

চারদশক ধরে সিরিয়া শাসনকারী আসাদ পরিবারের শাসন অবসানের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন ক্রমে গৃহযুদ্ধে রূপ নেয়। আসাদবিরোধীদের পরাজিত করতে সিরীয় সেনাবাহিনীর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহও লড়াই চালাচ্ছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী ২ বছরের অধিক সময়ে দেশটিতে গৃহযুদ্ধে ৮০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।