যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ পরিবারে প্রধান উপার্জনকারী নারী
গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে পরিবারে নারীর অর্থনৈতিক অবদান ব্যাপকভাবে বেড়েছে বলে একটি সমীক্ষায় বেরিয়ে এসেছে। রেকর্ড সংখ্যক নারী এখন পরিবারের প্রধান উর্পাজনকারীর ভূমিকা পালন করছেন।
বুধবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের ওই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ছেলে-মেয়ে রয়েছে এমন পরিবারের ৪০ শতাংশের প্রধান উপার্জনকারীর ভূমিকায় রয়েছেন নারী, যেখানে ষাটের দশকে এ ধরনের পরিবার ছিল মাত্র ১১ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, স্বামীর চেয়ে স্ত্রী বেশি আয় করছেন এমন পরিবারের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
১৮ বছরের কম বয়সী সন্তান রয়েছে এমন এক কোটি ৩৭ লাখ পরিবারে নারীই এখন রুটি-রুজির মূল যোগানদাতা। এসব পরিবারের মধ্যে ৫১ লাখ অর্থাৎ ৩৭ শতাংশ পরিবারে নারী বিবাহিত জীবন-যাপন করছেন অর্থাৎ ওই সব পরিবার স্বামী-স্ত্রী নিয়ে গড়ে উঠেছে। আর এ ধরনের ৮৬ লাখ পরিবার অর্থাৎ ৬৩ শতাংশ পরিবারে নারী বিবাহ করেননি, ছেলে-মেয়েদের নিয়েই গড়ে উঠেছে যার সংসার।
তবে বিবাহিত ও অবিবাহিত উভয় ধরনের উপার্জনক্ষম নারীর সংখ্যাই উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে সমীক্ষায় উঠে এসেছে।
জনসংখ্যা তাত্ত্বিকদের মতে, আগের চেয়ে বর্তমানে বেশি সংখ্যক পরিবারে নারী প্রধান উপার্জনকারী হওয়ার পিছনে দীর্ঘ দিনের সামাজিক পরিবর্তনের প্রতিফলন রয়েছে।
পিউ সোস্যাল অ্যান্ড ডেমোগ্রাফিক ট্রেন্ডস প্রকল্পের সহযোগী পরিচালক কিম পার্কার বলেন, পরিবারে এখন নারীর ভূমিকা পাল্টে গেছে। কমে গেছে বিয়ের হার। পরিবার বলতে আগে যে রকম বোঝাত এখন আর তেমনটা বোঝায় না। নারীরা আর শুধু ঘরের কাজ করছেন না। তারা পরিবারে বড় ধরনের অর্থনৈতিক অবদান রাখছেন।
পুরুষের চেয়ে বেশি সংখ্যায় নারী উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। বর্তমানে আমেরিকার মোট শ্রমশক্তির প্রায় ৪৭ শতাংশ নারী। এছাড়া বিয়ের হার এতো বেশি কমেছে যে, ৪০ শতাংশ শিশুরই জন্ম হয় বিয়ে বহির্ভূতভাবে। আর তাতে বেড়ে উঠছে শুধু মা কেন্দ্রিক পরিবারের সংখ্যা।
এছাড়া সাম্প্রতিক সময়ে নির্মাণ ও শিল্প খাতে অনেকে উচ্চ বেতনের চাকরি হারিয়েছেন, যাদের বেশিরভাগই পুরুষ। এর ফলে তুলনামূলক বেশি আয়ের দিক থেকে নারীরা এগিয়ে গেছেন। এমন হয়েছে যে, শিক্ষক, নার্স ও প্রশাসকদের মতো মধ্য আয়ের পেশার নারীরা তাদের পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে উঠেছেন।
