দ.কোরীয় ব্যবসায়ীদের কায়েসংয়ে ঢুকতে দিচ্ছে পিয়ংইয়ং
উত্তর কোরিয়া বলেছে, কায়েসং যৌথ শিল্প এলাকার বন্ধ কারখানাগুলো পরিদর্শনের জন্য দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের অনুমতি দেবে তারা।
রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়া কারখানার স্বাভাবিক কাজকর্ম কিভাবে আবার শুরু করা যায় তা নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
তবে দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা হওয়া দরকার।
উত্তর ও দক্ষিণের এ যৌথ শিল্পাঞ্চল ২০০৪ সালে চালু হয়। তবে দু'দেশের মধ্যে সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এপ্রিলে কায়েসং শিল্প এলাকা থেকে তাদের কর্মীদের প্রত্যাহার করে নিয়ে এলাকাটি বন্ধ করে দেয়।
এর পরপরই কায়েসং থেকে দক্ষিণ কোরিয়া তাদের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের সরিয়ে নেয়। তবে শিল্প কারখানার যন্ত্রপাতি, কাঁচামালের মজুদসহ সার্বিক পরিস্থিতি দেখার জন্য অনেকেই আবার অঞ্চলটিতে ফিরে যেতে চান।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি দেখভালের দায়িত্বে নিয়োজিত রয়েছে পিয়ংইয়ংয়ের কোরিয় শান্তিপূর্ণ একত্রীকরণ বিষয়ক কমিটি (সিপিআরকে) ।
এ কমিটি দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের কায়েসং কমপ্লেক্স সফরের অনুমতির পাশাপাশি সফরকালে তাদের নিরাপত্তার নিশ্চয়তাও দিয়েছে।
