২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ

কম্বোডিয়ায় একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৩ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের অধিকাংশই নারী শ্রমিক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 May 2013, 05:34 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার কম্বোডিয়ার ক্যাম্পঙ স্পিউ প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক ট্রেড ইউনিয়ন কর্মী।

ওইদিন বিক্ষুব্ধ প্রায় তিনহাজার শ্রমিক কারখানা থেকে বের হয়ে সামনের রাস্তা অবরোধ করে। এদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। অবরোধ ভাঙতে দাঙ্গা পুলিশ ও সেনাপুলিশ অভিযান চালালে সংঘর্ষ শুরু হয়।

বেতন নিয়ে অসন্তোষ দেখা দেওয়া ওই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের খেলার পোশাক-সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির জন্য খেলার পোশাক তৈরি করে। সাবরিনা (কম্বোডিয়া) গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এই প্রতিষ্ঠানটির মালিক।

কম্বোডিয়ার ফ্রি ট্রেড ইউনিয়ন (এফটিইউ) এর সভাপতি সান ভ্যানি জানান, আহতদের মধ্যে দুইমাসের অন্তঃসত্ত্বা এক নারী ছিলেন, পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তার গর্ভপাত হয়ে যায়।

“তাদের মধ্যে গর্ভবতী এক নারী ছিলেন। প্রচুর রক্তপাতের পর তিনি গর্ভের সন্তানকেও হারান,” বলেন তিনি।

ভ্যানি আরো জানান, নাইকির জন্য পোশাক প্রস্তুতকারী শ্রমিকরা ২১ মে থেকে ধর্মঘট ও প্রতিবাদ জানিয়ে আসছে।

শ্রমিকরা যাতায়াত, বাসাভাড়া ও চিকিৎসা ভাতা হিসেবে তাদের ন্যূনতম মজুরি ৬ হাজার টাকার (৭৪ ডলার) অতিরিক্ত আরো এক হাজার টাকা(১৪ ডলার)দাবি করে আসছিলো।

হাসাপাতালের বিছানায় শোয়া ২৮ বছর বয়সী পুরুষ শ্রমিক লেঙ প্রস বলেন, “পুলিশ একটি বৈদ্যুতিক ব্যাটন দিয়ে আমার মাথায় আঘাত করেছে, শ্রমিকরা যদি আমাকে সরিয়ে না নিতো তাহলে আমি মারা যেতাম।”

“আমি মাটিতে পড়ে যাই, এরপর কি হয়েছে আর জানি না,” বলেন তিনি।

সংঘর্ষের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ এবং সেনাপুলিশ কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রে নাইকির এক মুখপাত্র জানিয়েছেন, অভিযোগ সম্পর্কে নাইকি “অবগত” আছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ গার্মেন্ট মালিকরা কর্মীদের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখাবেন নাইকি এমনটাই দাবি করে বলে জানান তিনি।

আইএমএফ’র প্রতিবেদন অনুযায়ী, কম্বোডিয়ার বৈদেশিক আয়ের ৭৫ শতাংশ পোষাক রপ্তানি খাত থেকে আসে। ২০১১ সালে কম্বোডিয়ার মোট রপ্তানি আয় ছিল ৫ দশমিক ২২ বিলিয়ন ডলার।