২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে ইইউ

সিরিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করে বিদ্রোহীদের হাতে অস্ত্র সরবরাহের পথ সুগম করতে ব্রিটেন ও ফ্রান্সের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় চালিয়ে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 10:15 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার এ আলোচনার জন্য ব্রাসেলসে সমবেত হন নেতারা।এ পদক্ষেপের মধ্য দিয়ে সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের জন্য দামেস্কের ওপর চাপ বাড়বে বলেই আশা করছে ফ্রান্স ও যুক্তরাজ্য।

তবে ইইউ এর কয়েকটি দেশ সিরিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোর বিরোধী।৩১ এ মে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে।

অস্ট্রিয়া, চেক রিপাবলিক, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, সুইডেন বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার বিপক্ষে।তাদের মতে, ইইউ এর উচিত এ ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্তিপূর্ণ জোট হিসাবে নিজেদের ভাবমূর্তি ধরে রাখা।

একইসঙ্গে জেনেভায় সিরিয়া নিয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনকেও সঙ্কটের সুরাহার সুযোগ হিসাবে কাজে লাগানোর পক্ষপাতি অনেকেই।এ সুযোগ নস্যাৎ না করতে পররাষ্ট্রমন্ত্রীদের অনেকেই সতর্ক করেছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, তিনি শেষ পর্যন্ত সঙ্কটের একমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য জেনেভা সম্মেলনকেই পুরোপুরিভাবে সমর্থন করেন।

তবে তিনি বলেন, কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নিতেই সিরিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা শিথিলের প্রয়োজন।কারণ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পরিস্কার করে এ বার্তা দেয়া দরকার যে তাকে আন্তরিকভাবেই আলোচনায় আসতে হবে।

গত সপ্তাহে যুক্তরাজ্য সিরিয়ার বিদ্রোহীদেরকে সীমিত কয়েকটি ক্ষেত্রে অস্ত্র সরবরাহ করার কথা বলেছিল।আর ফ্রান্সও সে সময় সিরিয়ায় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে অস্ত্রের ভারসাম্যহীনতার কথা তুলে ধরে দামেস্কর ওপর সামরিক চাপ সৃষ্টির আহ্বান জানায়।

যুক্তরাজ্য এবং ফ্রান্স চায় সিরিয়ার বিদ্রোহীপক্ষকে অস্ত্র সরবরাহের পথ সুগম করতে নিষেধাজ্ঞার বিষয়বস্তুতে প্রয়োজনীয় সংশোধনী আনুক ইইউ কিংবা দেশটিতে আরো সহায়তা পাঠানোর দ্বার খুলে দেয়া হোক।

২০১১ সালের মে মাসে সিরিয়ায় প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।এ নিষেধাজ্ঞার আওতায় ছিল সিরিয়া সরকার এবং বিদ্রোহী দুপক্ষই।

কিন্তু এ বছর ফেব্রুয়ারিতে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ায় বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী বাহিনীর সুরক্ষায় কিছু সামরিক সাজ সরঞ্জাম সরবরাহ করতে দিতে রাজি হন।