২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা সম্মেলনে অংশ নেবে সিরিয়া

জেনেভায় জুনে আয়োজিত বহুপাক্ষিক আলোচনায় সিরিয়া নীতিগতভাবে অংশ নেবে।এ সম্মেলনকে সিরিয়া সঙ্কট সমাধানের একটি সুযোগ বলেই মনে করছে সিরিয়া।দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম রোববার একথা বলেছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 May 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুয়াল্লেম সাংবাদিকদের বলেন, “সিরিয়া জুনে জেনেভায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে নীতিগতভাবে অংশ নেবে।এ বৈঠক সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের একটি ভালো সুযোগ বলেই আমরা মনে করি।”

“পৃথিবীতে কোনো শক্তিই সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।কেবলমাত্র সিরিয়ার জনগণেরই তা করার অধিকার আছে”, বলেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরিচালনায় সিরিয়া পরিস্থিতি নিয়ে আগামী মাসে জেনেভায় ওই সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ৮০ হাজারে দাঁড়িয়েছে।সিরিয়ার গন্ডি ছাড়িয়ে তা ছড়িয়ে পড়ছে অাশেপাশের দেশগুলোতে।বাড়ছে আঞ্চলিক জাতিগত সহিংসতা।

জেনেভার শান্তি সম্মেলন আলোচনার মধ্য দিয়ে এ সহিংস পরিস্থিতির অবসান ঘটাবে বলেই আশা করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

সম্মেলনের আগে আসাদ বিরোধীদের একজোট হওয়ার জন্য চাপ দিয়ে আসছে ওয়াশিংটন।কিন্তু গত কয়েকদিনে ইস্তাম্বুল আলোচনার সময় নেতৃত্ব দেয়া নিয়ে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত আসাদ বিরোধীরা।

বিরোধীপক্ষের ঊর্ধ্বতন নেতারা বলছেন, তাদের জোট শান্তি আলোচনায় অংশ নিতে পারে।কিন্তু সম্মেলনে তাদের মূল দাবি পূরণ হবে কিনা তা নিয়ে তাদের সংশয় আছে।আর এ দাবিটি হচ্ছে আসাদের ক্ষমতা ছাড়ার প্রশ্নে চুক্তি হওয়া।

সম্মেলনের দিন এখনো নির্ধারিত হয়নি।সোমবার প্যারিসে এক বৈঠকে বসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।