লন্ডনে নিহত সেনা সদস্যের পরিচয় প্রকাশ
লন্ডনে দুই হামলাকারীর ছুরিকাঘাতে নিহত সেনার নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ড্রুমার লি রিগবি নামের ওই সেনা সদস্য রয়্যাল রেজিমেন্ট অব ফুসিলিয়ার্স এর দ্বিতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
২৫ বছর বয়সী ড্রুমার রিগবির বাড়ি ম্যানচেস্টারে। তার জ্যাক নামে ২ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে।
বৃহস্পতিবার ড্রুমার রিগবির পরিবারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, “লি ছিল দারুণ। সে যেকারো জন্যই সবকিছু করতে পারতো। সে তার বোনদের সবসময়ই দেখভাল করতো এবং সবসময় তাদের সবকিছু থেকে রক্ষা করতো। সে সবার জন্যই বড়ভাইসুলভ দায়িত্ব পালন করতো।”
“আর এসব গুণ তার মধ্যে ছোটবেলা থেকেই ছিল। সে বেঁচে থাকতে চেয়েছিল, জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে চেয়েছিল। পরিবারই ছিল তার সব। সে ছিল একজন দারুণ সন্তান, স্বামী, বাবা, ভাই, চাচা/মামা এবং অনেকের কাছের বন্ধু।”
বৃহস্পতিবার তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
২০০৬ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণ-পূর্ব শহর উইলউইচে বুধবার স্থানীয় সময় দুপুর ২.২০ টায় ২ হামলাকারী অতর্কিত হামলা চালিয়ে ড্রুমারকে হত্যা করে।
পথচারীর ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, একজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী রক্তাক্ত চাপাতি হাতে বলছেন, “ডেভিড ক্যামেরনের কারণে ব্রিটিশ সরকার আরব দেশগুলোতে সেনা পাঠিয়েছে। আমরা আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি এ লড়াই থামাব না। কারণ মুসলমানরা প্রতিদিন মারা যাচ্ছে।”
‘চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত’ এই মতাদর্শে বিশ্বাসী বলে জানান তারা। পথচারী নারীদের উদ্দেশ্যে হামলাকারীরা বলেন, “আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের এসব দেখতে হচ্ছে। কিন্তু আমাদের দেশগুলোতে নারীরা একই দৃশ্য দেখছে।” এ সময় তারা ক্যামেরন সরকার অপসারণের কথাও বলেন।
এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের ছোড়া গুলিতে দুজনই আহত হন।হামলাকারী দুইজনই নিরাপত্তাকর্মীদের কাছে পরিচিত ছিল বলে জানিয়েছে বিবিসি।পথচারীর ভিডিওতে যাকে দেখা গেছে সেই-ই আদেবোলাজো বলে ধারণা করা হচ্ছে।
মাইকেল আদেবোলাজো নাইজেরীয় বংশোদ্ভূত এবং নিবেদিতপ্রাণ এক খ্রিস্টান পরিবারের হলেও ২০০১ সালে কলেজ পাশের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানানো হয়েছে বিবিসি’র কয়েকটি সূত্রে।
দুই হামলাকারীর একজন সম্পর্কে নিশ্চিত তথ্য দিয়ে স্থানীয় গণমাধ্যমে তার নাম মাইকেল আদেবোলাজো (২৮) উল্লেখ করা হয়েছে। মাইকেলের জন্ম ব্রিটেনে এবং তিনি নাইজেরীয় পরিবারের।
পুলিশ লিঙ্কন শহরের কাছে একটি গ্রামে তার পরিবারের বাড়িতে এরই মধ্যে তল্লাশি চালিয়েছে বলে জানানো হয়েছে খবরে।
দুইজনই অভিবাসী খ্রিস্টান থেকে পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে ধারণা প্রকাশ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যমে।
এদিকে, বুধবার প্রকাশ্য দিবালোকে ঘটা ওই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে দেশটির সরকার। পুলিশের গুলিতে আহত দুই হামলাকারীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
ঘটনার পরপরই দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার তার ইউরোপ সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে আসেন। এ হত্যাকাণ্ডকে ‘নিশ্চিতভাবে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে একে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন তিনি।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্কটল্যান্ড ইয়ার্ড আরো দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের একজন নারী। দুজনেরই বয়স ২৯।
