সীমান্ত সঙ্কট নিরসনের প্রতিশ্রুতি চীন-ভারতের
মার্চে চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর লি খা খিয়াং রোববার প্রথম ভারত সফরকালে দেশটির সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তির ওপর জোর দিয়েছেন।
বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুতই তা সমাধানের চেষ্টা নিতে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও।
শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে লি খা খিয়াং বলেছেন, ভারত এবং চীনকে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সীমান্ত সমস্যা সমাধানের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, “আমাদের দু’দেশের মধ্যে নানা বিষয়ে বিরোধ আছে- তা আমরা অস্বীকার করি না।কিন্তু আমি এবং সিং উভয়ই বিশ্বাস করি যে, দু’দেশের মধ্যে বিরোধের চেয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ই বেশি। ফলে আমাদের খোলা মন নিয়েই বিভিন্ন সমস্যা মোকাবেলা করা উচিত এবং পরিপক্কভাবে তা সামাল দেয়া উচিত।
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে লি একথা বলেন।
একই সংবাদ সম্মেলনে সিং বলেন, দুই দেশ থেকেই বিশেষ প্রতিনিধিরা শিগগিরিই বিরোধের অবসান ঘটাতে বৈঠকে বসবে।
বিশেষ ওই প্রতিনিধিদের আলোচনার মধ্য দিয়ে সঙ্কটের আশু, সুষ্ঠু, যৌক্তিক এবং উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খোঁজার চেষ্টা করার ব্যাপারে ভারত এবং চীন একমত হয়েছে বলে জানান সিং।
