ওবামার সঙ্গে বৈঠক করবেন মিয়ানমারের প্রেসিডেন্ট
সাতচল্লিশ বছরের মধ্যে প্রথম যুক্তরাষ্ট্র সফরকারী মিয়ানমার প্রেসিডেন্ট থিয়েন সেইন সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মিলিত হচ্ছেন।
ওয়াশিংটানে হোয়াইট হাউসে দুনেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
থিয়েনের এই সফর “সংস্কারের বাস্তব উদ্যেগ গ্রহণ করা সরকারের” জন্য মার্কিন সহায়তা প্রতিশ্রুতির উদাহরণ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
সাবেক সেনা শাসিত দেশ মিয়ানমারের সাম্প্রতিক গণতান্ত্রিক পরিবর্তনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক সংস্কারের পদক্ষেপ হিসেবে দেশটির সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ শিথিল করে ও রাজবন্দীদের মুক্তি দেয়।
তবে এরপরও মানবাধিকার কর্মীরা মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের স্থায়িত্ব নিয়ে শঙ্কা ও দেশটিতে বিরাজমান ধর্মীয় সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সময়ের আগেই মিয়ানমারের গণতান্ত্রিক উদ্যেগকে পুরস্কৃত করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
তবে হোয়াইট হাউসে থিয়েনের এই আমন্ত্রণকে মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে সুস্পর্ক গড়তে ওবামার প্রত্যয়ের প্রতিফলন বলেই মনে করেছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে মানবাধিকার গোষ্ঠিগুলোর সতর্কবাণীকেও উপেক্ষা করেছেন প্রেসিডেন্ট ওবামা।
