শান্তি আলোচনা ফল বয়ে আনবে না: আসাদ
গৃহযুদ্ধ অবসানে রাশিয়া-যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি আলোচনা সিরিয়ার বিরাজমান ‘সন্ত্রাস’ কমানোয় সহায়ক হবে না এবং এ আলোচনার কোনো মানে নেই বলেই মনে করেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
আলোচনায় সফল হওয়ার সম্ভাবনা খুবিই কম জানিয়ে তিনি বলেন, বিরোধীপক্ষ এত বেশি বিভক্ত যে আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে না।
শনিবার আর্জেন্টিনার ক্লারিন সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ এসব কথা বলেন।
প্রস্তাবিত আলোচনা দুই বছরব্যাপী চলমান সিরিয়ার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা সাক্ষাৎকারে তা নিয়ে সংশয় প্রকাশ করেন আসাদ।
বিদ্রোহী গোষ্ঠিগুলো তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করছে উল্লেখ করে আসাদ বলেন, “বিশ্বে রাজনৈতিক সমাধান ও সন্ত্রাসবাদের বিষয়ে একটি বিভ্রান্তি বিরাজ করছে। তারা ভাবছে, একটি রাজনৈতিক সম্মেলন এই দেশের সন্ত্রাসবাদ থামাতে পারবে। এটি অবাস্তব।”
আসাদের ক্ষমতা ত্যাগের বিদ্রোহীদের দাবি প্রস্তাবিত শান্তি আলোচনা নিয়ে দোলাচল আরো বাড়িয়ে তুলেছে। ক্ষমতা ছাড়াবেন না বলে সাক্ষাৎকারে আবারো জানিয়েছেন আসাদ।
তিনি বলেন, বিভক্তির কারণে বিরোধী পক্ষ কোনো বিষয়ে একমত হতে পারবে না বলে শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না।
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আসাদ বলেন, “সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নয়।”
সিরিয়ায় শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলেও এক পর্যায়ে তা সহিংস হয়ে গৃহযুদ্ধের রূপ নেয়। দুই বছর ধরে চলা এই গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৮০ হাজার মানুষ নিহত হয়েছে বলে পর্যবেক্ষেকদের অভিমত।
