২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান চলচ্চিত্র উৎসবে গুলি

কান চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণ থেকে অস্কার পুরস্কারজয়ী অস্ট্রিয়ান অভিনেতা ক্রিস্টোফার ওয়াল্টজ ও ফরাসি অভিনেতা ড্যানিয়েলে ওতাইয়োর এক সরাসরি সম্প্রচারিত টেলিভিশন সাক্ষাৎকারের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 May 2013, 07:48 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শুক্রবার রাতে টেলিভিশনের ওই অনুষ্ঠান চলার সময় এক ব্যক্তি পিস্তল দিয়ে দুটি ফাঁকা গুলি করলে অনুষ্ঠানস্থলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

আত্মরক্ষার জন্য অভিনেতা ওয়াল্টজ ও ওতাইয়ো দ্রুত দৌড় দিয়ে আড়ালে চলে যান।

ফরাসি টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসে রাত্রিকালীন সংবাদ অনুষ্ঠানে সাক্ষাৎকারটি সরাসরি দেখানো হচ্ছিল।

অনুষ্ঠান ধারণ করার সময় আশপাশে অনেক মানুষ ভিড় করে ছিল। এই ভিড়ের মধ্য থেকে হঠাৎ এক ব্যক্তি একটি পিস্তল উচিঁয়ে দুটি ফাঁকা গুলি করে।

প্রত্যক্ষদর্শী আর্থার লেইগাস জানান, গুলিবর্ষণের পরপরই অভিনেতাদের দেহরক্ষীরা লোকজনের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গুলিবর্ষণকারীকে ধরে সামনে নিয়ে আসে। এরপর পুলিশ এসে সবাইকে দৌঁড়ে পালাতে বলে কারন লোকটির হাতের মধ্যে একটি ‘গ্রেনেড’ ধরা ছিল।

ঘটনাস্থলেই পুলিশ গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করে। পরে তার হাতে থাকা গ্রেনেডটি নকল বলে চিহ্নিত হয়। ওই ব্যক্তির কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

গুলিবর্ষণকারীকে ‘বিকারগ্রস্ত’ বলে বর্ণনা করে তার ব্যবহৃত পিস্তলটি দৌড় প্রতিযোগিতা শুরুর সময় ব্যবহৃত পিস্তল বলে জানিয়েছে পুলিশ।

গুলিববর্ষণকারীকে নিয়ে পুলিশ চলে যাওয়ার পর ওয়াল্টজ ও ওতাইয়ো আবার অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে পুনরায় সম্প্রচার শুরু করা হয়।

উৎসবে বিচারকের দায়িত্ব পালন করছেন এই দুই অভিনেতা।

এটি নিয়ে ১২ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ এই চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার তৃতীয় দিনের মধ্যে দুটি অনভিপ্রেত ঘটনা ঘটলো।

এর আগে বৃহস্পতিবার বা শুক্রবারের কোনো এক সময় কান শহরের একটি হোটেলে উৎসবের জন্য রক্ষিত ১০ লাখ ডলারেরও বেশি মূল্যের রত্নালঙ্কার চুরির ঘটনা ঘটে।