সবচেয়ে উঁচু বাঁধ হচ্ছে চীনে
চীনের সিচুয়ান প্রদেশে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বাঁধ নির্মাণ হচ্ছে, উচ্চতায় যা হবে বিশ্বের প্রথম।
৩১৪ মিটার উঁচু (১,০৩০ ফিট) বাঁধটি নির্মাণের প্রস্তাব সম্প্রতি চীনের পরিবেশ দপ্তর অনুমোদন করেছে বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে; যদিও এনিয়ে উদ্বেগ রয়েছে পরিবেশবিদদের।
২৯০ কোটি পাউন্ড ব্যয়ে এই বাঁধটি নির্মাণে এক যুগ সময় লাগবে। তার আগ পর্যন্ত সর্বোচ্চ বাঁধ হিসেবে থাকবে তাজকিস্তানের নুরেক বাঁধ, এর উচ্চতা ৩০০ মিটার।
চীনে বর্তমানে সবচেয়ে উঁচু বাঁধটি মেকং নদীর ওপর সিয়াওয়ান বাঁধটি, যার উচ্চতা ২৯২ মিটার।
দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশে ডাডু নদীর ওপর নতুন বাঁধ তৈরি করে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে গুওডিয়ান গ্রুপ। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচটি বড় বিদ্যুৎ কোম্পানির একটি এটি।
পরিবেশবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম চীনে যেভাবে বাঁধ নির্মাণ হচ্ছে তাতে ভূমিকম্প ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যেতে পারে।
তবে চীনের পরিবেশ মন্ত্রণালয়ের বলছে, এর প্রকল্প চীনের বিরল মাছের চলাফেরা ও ডিম ছাড়ায় ইতিবাচক প্রভাব রাখবে।
