আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার বিদেশি সেনা বহনকারী একটি গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় ৬ মার্কিনিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন।
আফগান ও বিদেশি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
কয়েকমাসের মধ্যে আফগানিস্তানে এটিই সবচেয়ে মারাত্মক হামলা।সকাল ৮ টার দিকে ব্যস্ত সময়ে এ হামলা হয়।হামলার দায় স্বীকার করেছে তালেবান সংশ্লিষ্ট জঙ্গি দল হিজব-ই-ইসলাম।হামলাকারী গাড়িতে করে এসে বোমা বিস্ফোরণ ঘটায়।হিজব-ই-ইসলাম প্রাথমিক খবরে ১২ মার্কিনি নিহতের দাবি করে।
কিন্তু নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী(আইএসএএফ)হামলায় তাদের দুইজন সেনা সদস্য এবং ৪ বেসামরিক ঠিকাদার নিহত হয়েছে বলে জানিয়েছে।এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
তবে আফগান এবং আইএসএএফ এর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আইএসএএফ এর দুই সেনা এবং ৪ ঠিকাদার সবাই মার্কিন নাগরিক।এছাড়া, হামলায় দুই শিশুসহ ৯ আফগান নাগরিকও নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
নিহতদের কেউ কেউ এত মারাত্মকভাবে দগ্ধ হয়েছে যে তাদেরকে চেনা যাচ্ছে না”, রয়টার্সকে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কানেশক বকতাস।
কাবুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি টেলিফোনে জানান, ‘এক আত্মঘাতী টয়োটা করোলা মডেলের একটি গাড়ি চালিয়ে বিদেশি সেনা বহনকারী গাড়ি বহর লক্ষ করে হামলা চালায়।’
হামলাস্থলের আশপাশে থাকা মাটির ঘরগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।এ ঘটনার পর কাবুলের কূটনীতিক পাড়ায় একনাগাড়ে সাইরেন বাজিয়ে হেলিকপ্টার টহল শুরু হয়।
