২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সিআইএ চর হাতেনাতে ধরা, মার্কিন রাষ্ট্রদূত তলব

রাশিয়ার এক গোয়েন্দা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করার জন্য নিয়োগ দেয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন মার্কিন নাগরিক রায়ান ফগল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 12:33 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

রায়ান কূটনীতিকের ছদ্মাবরণে মস্কোর মার্কিন দূতাবাসের কর্মচারী এবং একইসঙ্গে সিআইএ স্টাফ হিসাবেও কাজ করছিলেন।

বিবিসি’র খবরে বলা হয়েছে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস(এফএসবি)মঙ্গলবার জানায়, ফগলকে হাতেনাতে ধরার কিছুক্ষণ পর কূটনৈতিক দায়মুক্তির কারণে তাকে মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।

তাকে আটকের ব্যাপারে এফএসবি বলেছে, ১৩-১৪ মে রাতে সিআইএ’র স্টাফ কর্মচারী রায়ান ক্রিস্টোফার ফগলকে গ্রেপ্তার করে এফএসবি’র গুপ্তচরবৃত্তি-বিরোধী অভিযানের কর্মকর্তারা।

রাশিয়া তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে এবং বহিস্কারাদেশ দিয়েছে বলে জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে।একইসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব করা হয়েছে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলকেও।

এফএসবি’র মুখপাত্র বলেন, রায়ান দূতাবাসের তৃতীয় প্রধান রাজনৈতিক সচিব।তিনি সেখানে গোপনে কাজ করছিলেন।তাকে বড় অঙ্কের তহবিলসহ গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া তার কাছে বিশেষ প্রযুক্তিগত কিছু যন্ত্রপাতি এবং ওই রুশ গোয়েন্দার জন্য কিছু নির্দেশনা এমনকি চেহারা বদল করার কিছু জিনিসও পাওয়া গেছে।

এ ঘটনার ব্যাপারে মস্কোর মার্কিন দূতাবাস তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।এফএসবি এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কয়েকবার রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা এবং বিশেষ সংস্থাগুলোর কর্মচারীদেরকে নেয়ার চেষ্টা চালিয়েছে।কিন্তু তাদের এ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নত করার স্পর্শকাতর সময়ে সিআইএ এজেন্ট আটকের এ ঘটনা ঘটল।

গত মাসে যুক্তরাষ্ট্রের বস্টনে ম্যারাথন দৌড়ে বোমা হামলার পর দু’দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিল।তাছাড়া, সিরিয়া সঙ্কটের সমাধান খুঁজতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনাও গত সপ্তাহে জানিয়েছিল দেশ দুটি।

এরই মধ্যে ফগলকে গ্রেপ্তারের ছবি প্রকাশ করেছে রাশিয়া টুডে টিভি।সিআইএ’র এই চর ধরা পড়ার ঘটনাটি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।