শপথ অনুষ্ঠানে মনমোহনকে চান নওয়াজ
পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ বলেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পেলে খুশী হবেন তিনি।
রোববার মনমোহন সিং এর সঙ্গে ফোনে দীর্ঘক্সণ আলাপ হয়েছে এবং একে অপরকে যার যার দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান নওয়াজ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে মনমোহনকে আমন্ত্রণ জানাবেন কিনা- ভারতীয় এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে নওয়াজ বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এ আমন্ত্রণ জানাব।”
কিন্তু মনমোহনকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র কখন পাঠানো হবে সে ব্যাপারে পরিস্কার কিছু জানা যায়নি।
নির্বাচিত হলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কাজ করে যাবেন বলে আগেই জানিয়েছিলেন নওয়াজ।
নির্বাচনে নওয়াজের জয়ের খবর পাওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী মনমোহনও তাকে শুভেচ্ছা জানান।নওয়াজকে ভারত সফরের আমন্ত্রণও জানান মনমোহন।
দু’দেশের সম্পর্ক জোরদার করতে নওয়াজের সঙ্গে ভারত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করা হয় মনমোহনের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে।
রোববার মনমোহনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পরদিন নওয়াজ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে অবিশ্বাস সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে তা দূর করতে হবে।
লাহোরের উপকণ্ঠে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আপনাদের দিকেও শঙ্কা আছে। শঙ্কা আছে আমাদের দিকেও।আমাদেরকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করে যেতে হবে।”
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওয়াজ ভোটকারচুপির অভিযোগ তোলা সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে জনরায় মেনে নিয়ে শান্ত থাকারও আহ্বান জানান।
নওয়াজ বলেন, তার সরকারে সময় পাকিস্তান এশিয়ান টাইগারে পরিণত হবে। সরকারের প্রথম একশ’ দিনে অর্থনীতি পুনরুদ্ধার, জঙ্গিবাদ দমনের মত বড় ইস্যুগুলো প্রাধান্য পাবে।
সর্বশেষ খবরে ১৩০ আসন পেয়ে এগিয়ে থাকা পিএমএল-এন সরকার গঠনের পথে রয়েছে।
উগ্রপন্থি জঙ্গিরা পিএমএল-এন’র সঙ্গে বোঝাপড়া করছে (আক্রমণ করছে না)- এমন অভিযোগ নাকচ করেছেন নওয়াজ। এক্ষেত্রে বেলুচিস্তানে তার দলের নেতা সানাউল্লা জাহরির ওপর সন্ত্রাসী হামলা হওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি।
ওয়াশিংটন এবং ইসলামাবাদের ‘সম্পর্ক ভাল’ মন্তব্য করে নওয়াজ বলেন, “তাদের একে অপরের কথা শোনা দরকার।”
সন্ত্রাস দমনের কৌশল ঠিক করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান নওয়াজ।তবে তিনি বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারই হবে তার সরকারের প্রথম অগ্রাধিকার।
