রাজা পারভেজের শোচনীয় হার
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানির দুই ছেলেকে নিয়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন গত পাঁচ বছর শাসন ক্ষমতায় থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকারের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিওনিউজ বলছে, জাতীয় পরিষদের ৫১তম আসন (রাওয়ালপিন্ডি-২) রাজা পারভেজ আশরাফ খুবই শোচনীয়ভাবে হেরেছেন।
ভোটের বেসরকারি ফলে দেখা গেছে, ওই আসনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রার্থী রাজা মুহাম্মদ জাভেদ ৮২ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন; যেখানে পারভেজ আশরাফ পেয়েছেন ২৩ হাজার ২৩৩ ভোট।
একইভাবে গিলানির দুই ছেলে আলি মুসা গিলানি এবং আব্দুল কাদির গিলানিও মুলতানে তাদের নিজ নিজ আসনে হেরে গেছেন।
এর আগে গিলানিকে একটি আসনের নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল দেশটির আদালত।আর গিলানির ছেলেকে নির্বাচনের আগে অপহরণ করে সন্দেহভাজন তলেবান জঙ্গিরা।
তালেবান হুমকির কারণে পিপিপি এবার নির্বাচনী প্রচার চালাতেও বাধার মুখে পড়েছিল।আর শেষ পর্যন্ত নির্বাচনেও দলটির চরম পরাজয় হল।
পাকিস্তানের সেনাশাসক পারভেজ মুশাররফ ২০০৮ সালে ক্ষমতা ছাড়ার পর অনুষ্ঠিত নির্বাচনে ১২৪ আসন নিয়ে সরকার গঠন করেছিল পিপিপি।
আর এবারের নির্বাচনে প্রায় শ’খানেক আসন আসন হারিয়ে জাতীয় পরিষদের বিরোধী দল হওয়ার সম্ভাবনা থেকেও পিপিপি সরে যাচ্ছে।
সাবেক তথ্যমন্ত্রী কামার জামান কাইরার মতো দলটির শীর্ষ নেতারাও নির্বাচনে আসন হারিয়েছেন। পাঞ্জাব প্রদেশের একটি আসন থেকে লড়ছিলেন তিনি।
নির্বাচনী ফলের সর্বশেষ হিসাবে দেখা গেছে জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে পিপিপি পেয়েছে মাত্র ৩৩টি যার অধিকাংশই তাদের ঘাঁটি বলে পরিচিত সিন্ধু প্রদেশে।
নির্বাচনে কিছু আসনের ফলাফল হাতে পাওয়ার আগেই বিশ্লষকরা ধারণা করছেন, পিপিপি প্রধান বিরোধী দলের অবস্থানও হারাবে। সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক ই ইনসাফকে
(পিটিআই) এক্ষেত্রে প্রধান বিরোধী দল হিসেবে ধরা হচ্ছে। সর্বশেষ ফলাফলে পিপিপি ৩৩:৩০ আসনে পিটিআই এর চেয়ে সামান্য এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এই ব্যবধান উল্টো হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে জয়ের ধারায় এগিয়ে থাকা পাকিস্তান মুসলিম লিগ-এন জাতীয় পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী দিনেও দেশটির রাজনীতিতে পিপিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে হচ্ছে।
