চীনে ফের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ২৭
চীনে কয়লাখনিতে আবার বিস্ফোরণে ঘটনা ঘটেছে, এবার নিহত হয়েছে ২৭ জন।
শনিবার বিকেলে চীনের সিচুয়ান প্রদেশের এক কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় গুইঝু প্রদেশের পিংবার দাশান কয়লাখনিতে এক বিস্ফোরণে ১২ জন খনিশ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনার পর চব্বিশ ঘন্টা না পেরোতেই দেশটিতে আবার খনি দূর্ঘটনার ঘটনা ঘটলো।
সিচুয়ান প্রদেশের কর্ম নিরাপত্তা ব্যুরো জানিয়েছে, বিস্ফোরণকালে ভূগর্ভস্থ খনিটিতে ১০৮ জন শ্রমিক কাজ করছিল। তাদের মধ্যে ৮১ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয় জন মারাত্মক আহত হয়েছেন ও অপর নয়জনের সামান্য আঘাত লেগেছে।
বিশ্বে খনি দূর্ঘটনায় চীনেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। সাম্প্রতিক বছরগুলোতে খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হলেও এগুলোর তদারকিতে প্রায়ই অবহেলা করা হয়।
২০১২ সালে দেশটিতে খনিসংক্রান্ত দুর্ঘটনায় ১৩শ’র বেশি মানুষ নিহত হয়েছে।
