চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, ১২ শ্রমিক নিহত
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশে এক কয়লাখনিতে বিস্ফোরণে ১২ জন খনিশ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পিংবার দাশান কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।
এ দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।
চীনের খনিগুলোয় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক।
গতমাসে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় জিলিয়ান প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ১৮ খনিশ্রমিক নিহত ও ১২ জন আহত হয়।
২০১২ সালে দেশটিতে খনিসংক্রান্ত দুর্ঘটনায় ১৩শ’র বেশি মানুষ নিহত হয়েছে।
