ওকিনাওয়া প্রশ্নে জাপানের প্রতিবাদের সমালোচনায় চীন
ওকিনাওয়া দ্বীপ কার? এ নিয়ে চীনের একটি দৈনিকে তোলা প্রশ্নে জাপানের প্রতিবাদের সমালোচনা করেছে চীন।
ওকিনাওয়া দ্বীপের ওপর জাপানের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে বুধবার প্রকাশিত এক নিবন্ধে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দৈনিক 'পিপলস ডেইলি' বলেছিল, ওকিনাওয়া দ্বীপের মালিকানা খতিয়ে দেখা উচিত।তাছাড়া, ঐতিহাসিক দিক থেকে এ দ্বীপটির মালিকানা চীন দাবি করতে পারে।
ওকিনাওয়া দ্বীপটি জাপানের মালিকানাধীন রাইউকিউ দ্বীপপুঞ্জের অংশ।দ্বীপটি জাপানের অংশ হওয়ার আগে চীনের একাডেমী অব সোশ্যাল সায়েন্স এর শীর্ষ সরকারি বিশেষজ্ঞরা রাইউকিউ দ্বীপটিকে চীনের মিং এবং কিং সাম্রাজ্যের ‘ভেসেল স্টেট’ নামেই অভিহিত করত।
ঐতিহাসিকভাবে ঝুলে থাকা এবং অমীমাংসিত রাইউকিউ দ্বীপ সমস্যা সমাধানের বিষয়টি এখন নতুন করে ভেবে দেখার সময় হয়ে এসেছে বলে উল্লেখ করা হয় চীনা দৈনিকের ওই নিবন্ধে।
এর প্রতিক্রিয়ায় জাপান চীনা পত্রিকার নিবন্ধটিকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে মন্তব্য করেছে। টোকিও কূটনৈতিক চ্যানেলে বেইজিংকে জানিয়ে দিয়েছে যে, পিপলস ডেইলিতে প্রকাশিত বক্তব্য চীনের রাষ্ট্রীয় অবস্থান হয়ে থাকলে তা কোনোভাবেই মানা যাবে না।
ওদিকে, জাপানের এ প্রতিবাদের পরপরই চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “চীন জাপানের তথাকথিত আলোচনা কিংবা প্রতিবাদ মেনে নিতে পারে না।”
কিন্তু জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদো সুগা টোকিওয় এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দ্বীপটিকে জাপানের অংশ বলেই দাবি করেছেন।
ওকিনাওয়া দ্বীপে প্রায় ১৪ লাখ জাপানির বাস। তাছাড়া, সেখানে রয়েছে গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটি।
রাইউকিউ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ ওকিনওয়া। এককালে রাইউকিউ সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল দ্বীপটি।১৮৭৯ সালে দ্বীপটির দখল নেয় জাপান।
পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা চলার মধ্যে ওকিনাওয়া দ্বীপ নিয়ে দু’দেশের মধ্যে নতুন করে বিতর্ক দেখা দিল। পূর্ব চীন সাগরের এ দ্বীপপুঞ্জ জাপানে সেনকাকু এবং চীনে দিয়াউ নামে পরিচিত।
