নির্বাচিত হলে সন্ত্রাস-বিরোধী যুদ্ধ বন্ধ করব: নওয়াজ শরীফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ বলেছেন, নির্র্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাস-বিরোধী যুদ্ধ বন্ধ করে এ যুদ্ধে পাকিস্তানের ভূমিকার ইতি টানবেন।
বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে শরীফ বলেন, পাকিস্তানসহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বার্থেই এটি জরুরি হয়ে পড়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস-বিরোধী যুদ্ধে গোঁড়া থেকেই যোগ দেয় পাকিস্তান।
১১ মে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।এ নির্বাচনে নওয়াজ শরীফই আবার প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন অনেকেই।
নির্বাচনের পর নতুন সরকার সন্ত্রাস-বিরোধী যুদ্ধে কী ভূমিকা নেবে তা নিয়ে মার্কিন সরকারের উদ্বেগের মধ্যে নওয়াজের ওই যুদ্ধ থেকে সরে আসার ঘোষণা পশ্চিমা নেতাদের জন্য আরো উদ্বেগ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।
২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রস্তুতি চলার এ সময়ে পাকিস্তানে জঙ্গিরা আরো অবাধে সন্ত্রাসী তৎপরতা চালানোর সুযোগ পেয়ে যেতে পারে বলে পশ্চিমারা উদ্বিগ্ন।
এ মুহূর্তে তাদের একটি বড় প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের মাটিতে জঙ্গি তৎপরতা কিভাবে সামাল দেবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
সন্ত্রাস-বিরোধী যুদ্ধ থেকে পাকিস্তানকে প্রত্যাহার করে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে নওয়াজ সাংবাদিকদের বলেছেন, “হ্যাঁ অামরা তাই করব।”কিন্তু পাকিস্তানের ভেতরে ঘাঁটি গেড়ে বসা তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবেন কিনা সে সম্পর্কে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
১৯৯০'র দশকের দু'বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে তিনি অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করে যাবেন।
