মেক্সিকোয় গ্যাসবোঝাই ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ২২
মেক্সিকোর রাজধানীতে একটি গ্যাসবোঝাই ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অন্ততপক্ষে ১০ শিশু রয়েছে।
স্থানীয় অধিবাসী কার্লোস গনজালেজ সিলভা মেক্সিকান রেডিওকে বলেন, ‘আগুন কুণ্ডুলি পাকিয়ে আকাশের দিকে উঠে যায় এবং মনে হচ্ছিল জানালায় স্পটলাইটের আলো ফেলা হয়েছে।’
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বেপরোয়া গতিতে চালনার কারণে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ হারায় চালক। আর এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে থাকতে পারে।
মেক্সিকোর সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, এ দুর্ঘটনায় ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
একাতিপেক শহরের মেয়র পাবলো বেদোলা জানিয়েছেন, দুর্ঘটনায় অন্ততপক্ষে ৪৬টি বাড়ি ও ১৬টি গাড়ি পুড়ে গেছে।
ট্যাঙ্কারটির চালককে আহত অবস্থায় আটক করা হয়েছে বলে জানা গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
