হুমকির মুখে পাকিস্তানের উদারপন্থী দলগুলোর নেতারা
১১ মে পাকিস্তানের সাধারণ নির্বাচন। কিন্তু তালেবান হুমকি-হামলার মুখে অবাধে প্রচারণা চালাতে পারছেন না দেশটির উদারপন্থী দলগুলোর নেতারা।
নির্বাচনের আগে ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলোকে লক্ষ্ করে হামলা শুরু করেছে তালেবান। তাদের হামলায় এ পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
তালেবান হামলার হুমকির মুখে এসব দলের বেশিরভাগ প্রার্থীই নির্বাচনী প্রচারণা ছেড়ে চার দেয়ালের মাঝে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এদেরই একজন তালেবানবিরোধী শীর্ষ রাজনীতিবিদ আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) মিয়ান হুসেইন। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে কোনো নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেননি তিনি।
অত্যন্ত বাগ্মী এই নেতা একসময় বড় বড় সমাবেশ জমিয়ে তুলতেন, কিন্তু এখন তিনি শুধু টেলিফোনের মাধ্যমে দলের গোপন সভায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে বাধ্য হচ্ছেন। এএনপি’র এই নেতার পক্ষে প্রকাশ্যে বের হওয়া এখন খুবই বিপজ্জনক।
প্রধানত তিনটি দলের সমাবেশ লক্ষ্ করেই হামলা করছে তালেবান। এ দলগুলো হলো, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), আওয়ামি ন্যাশনাল পার্টি (এএনপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। হামলার ভয়ে এসব দলের অধিকাংশ প্রধান নেতাই প্র্রকাশ্যে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন।
গত কয়েক সপ্তাহে এ দলগুলোর নির্বাচনী দপ্তরগুলোতে একের পর এক বোমা হামলা চালানো হয়েছে।
হামলার হুমকির মুখে দেশ ছেড়ে গেছেন সবচেয়ে প্রভাবশালী দল পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তিনি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও আততায়ীর হাতে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ।
হুসেনের ধারণা, পাকিস্তানে কট্টরপন্থী ইসলামি ধারা চালু করতে তালেবানের দাবির প্রতি সহানুভূতিশীল দলগুলোকে ক্ষমতায় আনার জন্যই উদারপন্থী দলগুলোকে লক্ষ্ করে এসব হামলা চালানো হচ্ছে।
ড্রোন হামলাবিরোধী সাবেক ক্রিকেটার ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ বা নেওয়াজ শরিফের রক্ষণশীল ধর্মপন্থী দল মুসলিম লিগের কোনো সমাবেশে হামলা করেনি তালেবান। কট্টরপন্থী ইসলামি দলগুলোর সমাবেশে হামলার তো প্রশ্নই ওঠে না।
তবে সোমবার ইসলামপন্থী জামিয়াত উলেমা-ই-ইসলাম দলের সমাবেশে বোমা হামলা কারা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। ওই হামলায় ১৫ জন নিহত হয়।
