যুক্তরাষ্ট্রে পৌঁছতে পারে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র: পেণ্টাগন
উত্তর কোরিয়া পারমাণবিক প্রযুক্তি এবং দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের যে উন্নয়ন ঘটিয়ে চলেছে তাতে করে তারা যুক্তরাষ্ট্রে এ অস্ত্রের আঘাত হানার লক্ষ্যে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মার্কিন কংগ্রেসে জমা দেয়া পেন্টাগনের এক প্রতিবেদনে।
বৃহস্পতিবার কংগ্রেসে জমা দেয়া পেন্টাগনের এ বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনের প্রথম সংস্করণে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের তায়েপোডং-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে উন্নতি সাধন করা হচ্ছে তাতে শেষ পর্যন্ত এটি দিয়েই পারমাণবিক অস্ত্র বহন করে যুক্তরাষ্ট্রের কোনো কোনো অংশে আঘাত হানতে সক্ষম হবে উত্তর কোরিয়া।
প্রতিবেদনে আরো বলা হয়, গত ডিসেম্বরে উত্তর কোরিয়া বহু-ধাপ রকেট মহাকাশে পাঠানোর পর থেকে দূর-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে অনেক বেশি এগিয়ে গেছে।
দেশটি পারমাণবিক অস্ত্রের উন্নতি সাধনের চেষ্টা করছে এবং গত ফেব্রুয়ারির পর উত্তর কোরিয়া নতুন করে যেকোনো সময় আবার পারমাণবিক পরীক্ষাও চালাতে পারে।
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার লক্ষ্য নিয়ে উত্তর কোরিয়া অবিরাম পারমাণবিক প্রযুক্তি আরো উন্নত করা এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে।
উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম বড় ঝুঁকি হিসাবে উল্লেখ করে প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করে এও বলা হয়েছে যে, পিয়ংইয়ং তার পারমাণবিক প্রযুক্তি অন্য দেশের কাছে বিক্রি করতে পারে।
কোরিয়া উপদ্বীপে টান টান উত্তেজনার এবং ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে লড়াইন্মুখ পরিস্থিতির মধ্যে এ প্রতিবেদন পেশ করল পেন্টাগন।
