‘সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র’
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র না দেওয়ার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্র পুনর্বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হেগেল একথা জানান।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বাহিনীকে অস্ত্র দেওয়ার বিষয়টি সিরিয়া প্রশ্নে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিবেচ্য একমাত্র বিষয় বলে এ সময় উল্লেখ করেন তিনি। বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেন তিনি।
বিদ্রোহীদের মাঝে থাকা নুসরা ফ্রন্টের মতো চরম যুক্তরাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলোর হাতে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র চলে যেতে পারে, এমন আশঙ্কাও ব্যক্ত করেন।
কিন্তু যুক্তরাষ্ট্রের অনেকের মতেই সিরিয়ার সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার চেয়ে বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেওয়াই হবে সবচেয়ে ভালো পদক্ষেপ। সরাসরি জড়িয়ে পড়ার প্রস্তাবগুলোর মধ্যে আছে, সিরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা কায়েম করা বা সরাসরি স্থলসেনা পাঠিয়ে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ গ্রহণ করা।
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেওয়ার বিরুদ্ধে ওবামা প্রশাসনের নেওয়া অবস্থান পুনর্বিবেচনা করা হচ্ছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেগেল “হ্যাঁ” সূচক জবাব দেন।
“আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন এবং সব বিকল্প আবার ভেবে দেখছেন। এর মানে এই নয় আপনি করবেন বা আপনি এগুলো করার সিদ্ধান্ত নেবেন,” বলেন হেগেল।
মেক্সিকো সফররত প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “সম্ভাব্য সব উপায় যুক্তরাষ্ট্রের খতিয়ে দেখা উচিত।” তবে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
ওবামা বলেন, “লাফ দেওয়ার আগে আমরা নিশ্চিত হতে চাই, আমরা যা করছি তা যেন পরিস্থিতির উন্নতিতে সহায়তা করে, পরিস্থিতিকে যেন আরো জটিল ও মারাত্মক করে না তোলে।”
