মিশরের নিরাপত্তা সদরদপ্তরে ইসলামপন্থীদের হামলা
নিরাপত্তা বাহিনী বিপ্লব পূ্র্ববর্তী আচরণে আবার ফিরে গেছে এবং প্রেসিডেন্ট মোহামেদ মুরসি নিরাপত্তা বাহিনীর সংস্কারে ব্যর্থ হয়েছেন অভিযোগে কায়রোয় মিশরীয় নিরাপত্তা সদরদপ্তরের সামনে বিক্ষোভ করেছে সালাফি ইসলামপন্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে সদরদপ্তরে হামলা চালায় বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সালাফি ইসলামপন্থী দলগুলোর প্রায় ২ হাজার প্রতিবাদকারী এ বিক্ষোভে অংশ নেন।
কাছের একটি মসজিদে সন্ধ্যার নামাজ শেষে মিছিল নিয়ে তারা নিরাপত্তা সদরদপ্তরের সামনে হাজির হয়।
বিক্ষোভকারীদের কেউ কেউ আল কায়েদার সাদা-কালো পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে স্লোগান দেয়। তারা হোসনি মুবারক আমলের মতো একই ধরণের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য মুরসিকে অভিযুক্ত করে।
বিক্ষোভ চলাকালে প্রথমদিকে নিরাপত্তা দপ্তরের সামনে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এই সুযোগে, বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং সেখানে আল কায়েদার কয়েকটি পতাকা উড়িয়ে দেয়। এরপর দপ্তর লক্ষ্ করে পটকা নিক্ষেপ করে।
বিক্ষোভকারীদের ছোট একটি দল সদরদপ্তরের একটি সদর দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু ভাঙতে না পেরে ক্ষতিগ্রস্ত দরজাটি ফেলে রেখে চলে যায়। এদের কয়েকজন সদরদপ্তরের দেয়ালে ইহুদিদের ‘দাউদের তারা’ এঁকে দেয়।
বিক্ষোভের শেষ পর্যায়ে রাতে বেপরোয়া বিক্ষোভকারীদের ছোট একটি দল রাষ্ট্রের নিরাপত্তা সদরদপ্তরের দেওয়াল ভেঙে ফেলার চেষ্টা করলে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ তাদের উপস্থিতি জানান দেয়।
নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে দপ্তরের পাশের পুলিশ কর্মকর্তাদের ক্লাব ভাঙার চেষ্টারত বিক্ষোভকারীরাসহ সবাই এলাকা ছেড়ে চলে যায়।
বৃহস্পতিবার সকালে সালাফি দলগুলো এক বিবৃতিতে দাবি করে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তদন্তের নামে নাগরিকদের ধরে নিয়ে হেনস্থা করছে, যা ২০১১ এর গণঅভ্যুত্থানের অর্জনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এসবের মাধ্যমে নিরাপত্তা বাহিনী তাদের পুরনো “অপরাধমূলক চর্চায়” ফিরে গেছে।
